চট্টগ্রামে তালিকাভুক্ত তিন সন্ত্রাসীর বিরুদ্ধে অস্ত্র মামলায় রায় ঘোষণা করার তারিখ পিছিয়েছে। তাঁরা হলেন মো. সরওয়ার ওরফে বাবলা, নুরুন্নবী ওরফে ম্যাক্সন ও গিট্টু মানিক। গতকাল বুধবার তৃতীয় যুগ্ম চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোছাম্মৎ বিলকিস আক্তারের আদালতে রায় ঘোষণার তারিখ ধার্য ছিল।
আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ প্রথম আলোকে বলেন, বায়েজিদ বোস্তামী থানার একটি অস্ত্র মামলায় বুধবার রায় ঘোষণার দিন ধার্য ছিল। কিন্তু আদালত রায় ঘোষণা না দিয়ে মামলাটির যুক্তিতর্ক আবার শুনানির জন্য আগামী ২৩ আগস্ট দিন ধার্য রাখেন। এর আগে গত ১৮ জুন, ২২ জুন ও ১৯ জুলাই রায় ঘোষণার তারিখ থাকলেও ঘোষণা করা হয়নি।
২০১১ সালের ৬ জুলাই নগরের বায়েজিদ বোস্তামী থানার হামিদপুর এলাকায় অভিযান চালিয়ে একে-৪৭ রাইফেল, ২৭টি গুলিসহ দেশি–বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় বায়েজিদ বোস্তামী থানার সাবেক ওসি এ কে এম মহিউদ্দিন বাদী হয়ে অস্ত্র আইনে ওই তিনজনের বিরুদ্ধে মামলা করেন। গ্রেপ্তার তিন আসামি বর্তমানে কারাগারে রয়েছেন।