হিমাদ্রী মজুমদার হত্যা মামলার রায় ঘোষণা করার তারিখ পিছিয়েছে। আজ বৃহস্পতিবার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. নুরুল ইসলামের আদালতে এ মামলার রায় ঘোষণার দিন ধার্য ছিল। ১৬ জুলাই যুক্তিতর্কের শুনানি শেষে রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছিলেন আদালত।
২০১২ সালের ২৭ এপ্রিল চট্টগ্রামের পাঁচলাইশের একটি ভবনের পাঁচতলার ছাদে নিয়ে হিমাদ্রীকে মারধরের পর তাঁর ওপর কুকুর লেলিয়ে দেওয়া হয়। পরে তাঁকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় বলে মামলায় অভিযোগ করা হয়। ওই বছরের ২৩ মে ঢাকার একটি হাসপাতালে মারা যান এ-লেভেলের শিক্ষার্থী হিমাদ্রী।
সরকারি কৌঁসুলি অনুপম চক্রবর্তী গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, কাল (আজ) বৃহস্পতিবার হিমাদ্রী হত্যা মামলার রায় ঘোষণার দিন ধার্য থাকলেও রায় ঘোষণা করা হবে না। বিচারক ছুটিতে থাকায় রায় ঘোষণার তারিখ পেছানো হয়েছে। আগামী রোববার রায় ঘোষণার পরবর্তী তারিখ ঘোষণা করা হতে পারে।
হিমাদ্রীর হত্যার ঘটনায় তাঁর মামা অসিত কুমার দে বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০১২ সালের ৩০ অক্টোবর পাঁচজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ২০১৪ সালের ৩ ফেব্রুয়ারি আদালত পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারকাজ শুরু করেন। ১৮ ফেব্রুয়ারি এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। গত বছরের ১০ সেপ্টেম্বর যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। পাঁচ আসামির মধ্যে কারাগারে রয়েছেন শাহ সেলিম ওরফে টিপু, শাহাদাত হোসেন ও মাহাবুব আলী। পলাতক রয়েছেন টিপুর ছেলে জুনায়েদ রিয়াদ ও তাঁর বন্ধু জাহিদুল ইসলাম।
হিমাদ্রীর বাবা প্রবীর মজুমদার জানান, ছেলে হত্যার রায় ঘোষণার প্রতীক্ষায় দিন কাটছে তাঁর। রায়ে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলে আশা করছেন তিনি।