
কুকুর লেলিয়ে মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদার হত্যার ঘটনায় করা মামলার রায় আগামী রোববার ঘোষণা করা হবে। গতকাল বৃহস্পতিবার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. নুরুল ইসলাম রায় ঘোষণার নতুন তারিখ ধার্য করেন। এর আগে দুবার এই মামলার রায় ঘোষণার তারিখ পেছানো হয়।
গত ২৮ জুলাই রায় ঘোষণার তারিখ থাকলেও বিচারক ছুটিতে থাকায় রায় ঘোষণা করা হয়নি। পরে রায় ঘোষণার নতুন তারিখ দেওয়া হয় ১১ আগস্ট (গতকাল)। তবে গত বুধবার জানানো হয়, বৃহস্পতিবার ‘ফুল কোর্ট রেফারেন্স’ থাকায় রায় ঘোষণা করা হবে না।
চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি অনুপম চক্রবর্তী প্রথম আলোকেবলেন, গত ফেব্রুয়ারি মাস থেকে আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত সাত মাসে মারা যাওয়া ১৩ জন আইনজীবীর স্মরণসভা ছিল গতকাল বৃহস্পতিবার। এ স্মরণসভায় বিচারক ও আইনজীবীরা অংশ নেন। এ কারণে কোনো মামলার কার্যক্রম চলেনি। আগামী রোববার হিমাদ্রি হত্যা মামলার রায় ঘোষণা করবেন আদালত।
২০১২ সালের ২৭ এপ্রিল চট্টগ্রামের পাঁচলাইশের একটি ভবনের পাঁচতলার ছাদে নিয়ে হিমাদ্রীকে মারধরের পর তাঁর ওপর কুকুর লেলিয়ে দেওয়া হয়। পরে তাঁকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় বলে মামলায় অভিযোগ করা হয়। ওই বছরের ২৩ মে ঢাকার একটি হাসপাতালে মারা যান এ-লেভেলের শিক্ষার্থী হিমাদ্রী।
হিমাদ্রী হত্যার ঘটনায় তাঁর মামা অসিত কুমার দে পাঁচলাইশ থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০১২ সালের ৩০ অক্টোবর পাঁচজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ২০১৪ সালের ৩ ফেব্রুয়ারি আদালত পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। ১৮ ফেব্রুয়ারি এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। গত বছরের ১০ সেপ্টেম্বর যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়।
পাঁচ আসামির মধ্যে কারাগারে আছেন শাহ সেলিম ওরফে টিপু, শাহাদাত হোসেন ও মাহাবুব আলী। পলাতক আছেন টিপুর ছেলে জুনায়েদ রিয়াদ ও তাঁর বন্ধু জাহিদুল ইসলাম।