রায় ঘোষণার ৬ মাসের মধ্যে পূর্ণাঙ্গ রায়ে সই করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচারকদের জন্য পালনীয় ৪০ দফা আচরণবিধি তুলে ধরে দেশের সর্বোচ্চ আদালত এক রায়ে বলেছেন, রায় বা আদেশ দেওয়ার ক্ষেত্রে বিচারকেরা অহেতুক দেরি করতে পারবেন না। ব্যতিক্রমী মামলা ছাড়া আদালতে রায় ঘোষণার ছয় মাসের মধ্যে বিচারককে পূর্ণাঙ্গ রায়ে সই করতে হবে।
হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি সৈয়দ শাহিদুর রহমানকে অপসারণ করে রাষ্ট্রপতির আদেশ বহাল রেখে গত বছরের ১৬ সেপ্টেম্বর আপিল বিভাগ যে রায় দিয়েছিলেন, তার পূর্ণাঙ্গ রায়ে এই ৪০ দফা আচরণবিধি তুলে ধরা হয়েছে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ গত ৩১ মার্চ পূর্ণাঙ্গ রায়ে সই করেন। গতকাল রোববার তা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
আপিল বিভাগের বেঁধে দেওয়া এই সময়সীমা যৌক্তিক বলে মন্তব্য করেছেন সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ। তিনি প্রথম আলোকে বলেন, এর ফলে বিচারপ্রার্থীদের মধ্যে স্বস্তি আসবে। ছয় মাস রায় লেখা শেষ করার জন্য যথেষ্ট সময়। এ ছাড়া রায় লেখার সময় নিয়ে সম্প্রতি যে বিতর্ক দেখা দিয়েছিল, তারও একটা নিষ্পত্তি হয়েছে।
অবসরের পর রায় লেখা অসাংবিধানিক—প্রধান বিচারপতির এমন এক বক্তব্যের পর সম্প্রতি রায় লেখা নিয়ে আইন অঙ্গনে ব্যাপক বিতর্ক তৈরি হয়। অবসরের পর রায় লেখা বা পূর্ণাঙ্গ রায় প্রকাশে দেরি হওয়া নিয়ে আইন বিশেষজ্ঞরা নানা ধরনের মত দেন। ওই সময় আইনমন্ত্রী আনিসুল হক বলেছিলেন, প্রধান বিচারপতি চাইলে রায় লেখার সময় নির্দিষ্ট করে দিতে পারেন। এরপর রায় লেখার সময়সীমা বেঁধে দিয়ে আপিল বিভাগের এ রায় সব ধরনের বিতর্কের অবসান করল। পূর্ণাঙ্গ রায়ে আপিল বিভাগ বলেছেন, একজন বিচারকের আচরণ এমন উচ্চ মানের হতে হবে, যাতে বিচার বিভাগের স্বাধীনতা ও একাগ্রতা সমুন্নত থাকে। রায়ে প্রভাব ফেলতে পারে, এমন কোনো পারিবারিক, সামাজিক বা অন্য ধরনের সম্পর্ক বজায় রাখা বিচারকের উচিত নয়। ব্যক্তিগত স্বার্থের জন্য একজন বিচারক তাঁর পদ ব্যবহার করতে পারেন না। তেমনি অন্য কোনো ব্যক্তি তাঁর সম্পর্কের সুযোগ নিয়ে একজন বিচারককে প্রভাবিত করবেন, সেটাও ওই বিচারক হতে দিতে পারেন না।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ১০৩ পৃষ্ঠার এ পূর্ণাঙ্গ রায়টি লিখেছেন। তাঁর সঙ্গে একমত পোষণ করেছেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
রায়ে বলা হয়, আদালতে বিচারাধীন মামলার বিষয়বস্তু নিয়ে বিচারক জনসমক্ষে মন্তব্য করতে পারবেন না। যদি যৌক্তিক কারণে কোনো মামলায় বিচারকের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে, তাহলে ওই বিচারক নিজেকে বিচারকাজ থেকে সরিয়ে নেবেন। এমন কোনো জনবিতর্ক বা রাজনৈতিক বিষয়ে বিচারকেরা জড়িত হবেন না বা মতামত দেবেন না, যে বিষয় পরে বিচারের জন্য তাঁর সামনে আসতে পারে।
আইনজীবীদের সঙ্গে বিচারকদের অন্তরঙ্গ সম্পর্ক এড়িয়ে চলার নির্দেশনা দিয়ে আপিল বিভাগ বলেছেন, বিশেষ করে একই আদালতে আইন পেশায় যুক্ত বিচারক ও আইনজীবীর মধ্যে অন্তরঙ্গতা থাকতে পারবে না। বিচারকের পরিবারের সদস্য যেমন স্বামী-স্ত্রী, ছেলে-মেয়ে, জামাই-পুত্রবধূ বা যেকোনো ঘনিষ্ঠ আত্মীয় যদি আইনজীবী হন, তাহলে তাঁর পরিচালিত কোনো মামলা ওই বিচারক বিচার করতে পারবেন না। বিচারকের পরিবারের কোনো সদস্য যদি আইনজীবী হন, তাহলে ওই আইনজীবী কোনোভাবে বিচারকের বাসায় পেশাগত কাজ পরিচালনা যেমন ব্যক্তিগত চেম্বার করতে পারবেন না। পরিবারের কোনো সদস্য জড়িত—এমন কোনো মামলাও বিচারক শুনতে পারবেন না।
প্রধান বিচারপতি চাইলে বিচারককে তাঁর সম্পদ ও দায়দেনার বিবরণী জমা দিতে হবে উল্লেখ করে রায়ে আরও বলা হয়, বিচারক গণমাধ্যমে কোনো সাক্ষাৎকার দিতে পারবেন না। বিচারক বা তাঁর পরিবারের কোনো সদস্য কারও কাছ থেকে বিচারিক ক্ষমতার বিনিময়ে উপহার, অনুরোধ, ঋণ বা সুবিধা চাইতে পারবেন না। বিচারকেরা নিজে বা কোনো ব্যক্তির সঙ্গে যৌথভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ব্যবসা-বাণিজ্যে যুক্ত থাকতে পারবেন না। তিনি দেশে বা বিদেশে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না।
আপিল বিভাগের রায়ে আরও বলা হয়, একজন বিচারক নিজেকে মামলা থেকে সরিয়ে নেবেন, যদি তিনি আগে ওই মামলায় আইনজীবী হিসেবে কাজ করে থাকেন অথবা সংশ্লিষ্ট আইনজীবীর সঙ্গে নিজে ওই মামলায় যুক্ত থেকে থাকেন। বিচার শুধু করলেই হবে না, বিচার করা হয়েছে সেটা দেখাতেও হবে। বিচার বিভাগের নিরপেক্ষতা নিয়ে মানুষের আস্থা ও বিশ্বাস যেন অক্ষুণ্ন থাকে—এমন আচরণ করতে হবে।
এ আচরণবিধি মেনে চলা বাধ্যতামূলক কি না, জানতে চাইলে জ্যেষ্ঠ আইনজীবী শফিক আহমেদ প্রথম আলোকে বলেন, রায়ে যে ৪০ দফা আচরণবিধি উল্লেখ করা হয়েছে, তা বিচারকদের অবশ্যই মানতে হবে। কারণ, সর্বোচ্চ আদালতের রায় একধরনের আইন। রায়ে উল্লেখ করা নির্দেশনা আর জাতীয় সংসদে পাস হওয়া আইনের কার্যকারিতার মধ্যে পার্থক্য নেই। তাই আচরণবিধি নিয়ে আলাদা আইন হোক বা না হোক, এই ৪০ দফা মেনে চলতে হবে।
২০০৩ সালের অক্টোবরে আইনজীবীদের এক সমাবেশে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির তৎকালীন সভাপতি ও জ্যেষ্ঠ আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি সৈয়দ শাহিদুর রহমানের বিরুদ্ধে পেশাগত অসদাচরণের অভিযোগ করেন। শাহিদুর রহমানের বিরুদ্ধে অর্থের বিনিময়ে জামিন পাইয়ে দেওয়ার আশ্বাসের অভিযোগ ছিল। পরে এ অভিযোগ তদন্ত করেন তৎকালীন প্রধান বিচারপতি কে এম হাসানের নেতৃত্বাধীন তিন সদস্যের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। তদন্ত শেষে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল শাহিদুর রহমানকে অপসারণের সুপারিশ করে তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদকে প্রতিবেদন দেয়।
কাউন্সিলের ওই সুপারিশের ভিত্তিতে ২০০৪ সালের ২০ এপ্রিল তৎকালীন রাষ্ট্রপতি হাইকোর্টের অতিরিক্ত বিচারপতির পদ থেকে শাহিদুর রহমানকে অপসারণের আদেশ দেন। ওই দিন তাঁকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়। পরে রাষ্ট্রপতির আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে যান শাহিদুর রহমান। ২০০৫ সালের ২ ফেব্রুয়ারি শাহিদুরের অপসারণের আদেশ অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট।
এরপর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইদ্রিসুর রহমান। আপিল বিভাগে আবেদনকারীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ড. কামাল হোসেন। শাহিদুর রহমান নিজের পক্ষে শুনানি করেন। গত বছরের ১৬ সেপ্টেম্বর হাইকোর্টের রায় বাতিল করে দিয়ে রাষ্ট্রপতির আদেশ বহাল রাখেন আপিল বিভাগ।
যোগাযোগ করা হলে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘পুরো রায় না পড়ে আমি এ বিষয়ে কোনো মন্তব্য করব না।’