চাঞ্চল্যকর ১০ ট্রাক অস্ত্র মামলার রায় ঘোষণা করা হবে ৩০ জানুয়ারি।
গতকাল সোমবার আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হওয়ার পর চট্টগ্রাম বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক এস এম মজিবুর রহমান রায় ঘোষণার এই দিন ধার্য করেন।
কারাবন্দী আসামিদের উপস্থিতিতে তাঁদের আইনজীবীরা বিভিন্ন যুক্তিতর্ক তুলে ধরে দাবি করেন, রাজনৈতিকভাবে হয়রানি করতে আসামিদের এ মামলায় জড়ানো হয়েছে। আসামিদের রিমান্ডে নির্যাতন করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করা হয়েছে।
আদালত আসামিদের আইনজীবীদের ২৩ জানুয়ারির মধ্যে যুক্তিতর্কগুলো লিখিতভাবে জমা দিতে বলেন। এর আগে গত রোববার আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করেছিল। মামলায় উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া এবং জামায়াতে ইসলামীর আমির ও সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, গোয়েন্দা সংস্থার সাবেক কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা আসামি রয়েছেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মহানগর পিপি কামাল উদ্দিন আহাম্মদ বলেন, এ ঘটনায় করা দুটি মামলায় ৫৬ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। আসামিদের ১৬৪ ধারায় জবানবন্দিও রয়েছে। সাক্ষ্য-প্রমাণে উঠে এসেছে, আসামিদের পরস্পর যোগসাজশে উত্তর-পূর্ব ভারতের বিচ্ছন্নতাবাদী সংগঠন উলফার জন্য বাংলাদেশের জলসীমা ব্যবহার করে অস্ত্রগুলো আনা হয়েছিল।
২০০৪ সালের ১ এপ্রিল রাতে চট্টগ্রামের ইউরিয়া সার কারখানার (সিইউএফএল) জেটিতে খালাসকালে বিপুল সমরাস্ত্রের এই চালান আটক করে পুলিশ। এ ঘটনায় দুটি মামলা (অস্ত্র ও চোরাচালান) হয় কর্ণফুলী থানায়। এর দুই মাস পর মামলা দুটির অভিযোগপত্র দেয় সিআইডি। দুই মামলায়ই স্থানীয় চোরাচালানি হাফিজুর রহমানকে প্রধান আসামি করে ৪৪ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। বাকিদের প্রায় সবাই স্থানীয় পরিবহন মালিক ও শ্রমিক।
২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত মামলা দুটির অধিকতর তদন্তের নির্দেশ দেন। ২০১১ সালের ২৬ জুন সিআইডি উভয় মামলার সম্পূরক অভিযোগপত্র দেয়। তাতে নতুন ১১ জনকে আসামি করা হয়। তাঁরা হলেন মতিউর রহমান নিজামী, লুৎফুজ্জামান বাবর, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিম, পরিচালক উইং কমান্ডার (অব.) শাহাবুদ্দিন আহমদ, উপপরিচালক মেজর (অব.) লিয়াকত হোসেন, মাঠ কর্মকর্তা আকবর হোসেন খান, সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মহসিন উদ্দিন তালুকদার ও মহাব্যবস্থাপক (প্রশাসন) এনামুল হক, শিল্প মন্ত্রণালয়ের সাবেক সচিব নুরুল আমিন ও উলফার পরেশ বড়ুয়া। শেষ দুজন পলাতক, বাকিরা কারাগারে আছেন। এ ছাড়া হাফিজুর রহমান ও দীন মোহাম্মদ কারাগারে আছেন। বাকিরা জামিনে।