মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া ফাঁসির আদেশের বিষয়টি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হয়েছে। যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিকগার্ডিয়ান ‘বাংলাদেশে যুদ্ধাপরাধের দায়ে জামায়াত নেতার মৃত্যুদণ্ড’ শিরোনামে খবর প্রকাশ করে। এ রায়ের পর দেশটিতে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সাঈদীর আইনজীবীরা এ বিচারকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে রায়ের সময় ট্রাইব্যুনাল বর্জন করেন। বিবিসির খবরের শিরোনাম ছিল, ‘বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচার: দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ড’। এতে বলা হয়, গণহত্যা, নির্যাতন ও ধর্ষণে জড়িত থাকার মতো অপরাধে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়। রায়ের পর তাঁর বিরোধীরা আনন্দে মেতে উঠেছেন। যুক্তরাজ্যে আরেক দৈনিক টেলিগ্রাফ ‘বাংলাদেশে ইসলামপন্থী নেতার মৃত্যুদণ্ড’ শিরোনামে খবর প্রকাশ করে। পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়, ট্রাইব্যুনাল এ পর্যন্ত তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণা করেছেন। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক নিউইয়র্ক টাইমস ‘বাংলাদেশে ইসলামি নেতার মৃত্যুদণ্ড’ শিরোনামে প্রকাশিত খবরে বলেছে, মানবতাবিরোধী অপরাধের বেশ কয়েকটি অভিযোগে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে মৃত্যুদণ্ড দিয়েছেন একটি বিশেষ যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল। রায় ঘোষণার পর ঢাকায় হাজার হাজার লোক আনন্দ-উল্লাসে যোগ দেন। যুক্তরাষ্ট্রের আরেক প্রভাবশালী দৈনিক ওয়াশিংটন পোস্ট-এর শিরোনাম ছিল ‘১৯৭১ সালে যুদ্ধাপরাধের দায়ে বাংলাদেশে বিশেষ ট্রাইব্যুনাল ইসলামি দলের নেতার বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন।’ পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়, গতকাল জনাকীর্ণ আদালতকক্ষে ওই রায় ঘোষণা করা হয়। বার্তা সংস্থা এএফপি ‘ইসলামপন্থী নেতার ফাঁসির রায় ঘোষণার পর বাংলাদেশে ভয়াবহ সংঘর্ষ’ শিরোনামে খবর পরিবেশন করে। খবরে বলা হয়, ইসলামপন্থী ব্যক্তিরা অভিযোগ করছেন, গোটা প্রক্রিয়া যতটা না ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে, তার চেয়ে বেশি পূর্বপরিকল্পিত। বার্তা সংস্থা রয়টার্সের খবরের শিরোনাম ছিল, ‘যুদ্ধাপরাধের দায়ে বাংলাদেশে ইসলামপন্থী নেতার মৃত্যুদণ্ড’ যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর তৃতীয় জ্যেষ্ঠ নেতা সাঈদীকে বাংলাদেশের একটি ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছেন। এ ঘটনায় শাহবাগে হাজার হাজার মানুষ উল্লাসে ফেটে পড়েন। কাতারভিত্তিক আল-জাজিরা টেলিভিশন চ্যানেলের অনলাইন সংস্করণে দেওয়া প্রতিবেদনের শিরোনাম করা হয়, ‘বাংলাদেশে জামায়াত নেতার মৃত্যুদণ্ড’। সৌদি গেজেট-এ খবরটিকে খুব একটা গুরুত্ব দেওয়া হয়নি। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনটি কাটছাঁট করে এতে প্রকাশ করা হয়। ‘বাংলাদেশ যুদ্ধাপরাধ আদালতে ইসলামপন্থী নেতার মৃত্যুদণ্ড’। এতে বলা হয়, স্বাধীনতাযুদ্ধের সময় হত্যা ও ধর্মান্তরিতকরণের মতো অপরাধের দায়ে বাংলাদেশের একটি বিশেষ ট্রাইব্যুনাল বিরোধীদলীয় ইসলামপন্থী নেতা সাঈদীকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন।