রায় ঘোষণার পর চট্টগ্রামে শতাধিক দোকান ভাঙচুর
জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে রায় ঘোষণার পর চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে শতাধিক দোকান ও যানবাহনে ভাঙচুর চালিয়েছেন জামায়াত-শিবিরের কর্মীরা। এ ছাড়া নগরের রিয়াজউদ্দিন বাজারে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আনন্দ মিছিলে ইটপাটকেল নিক্ষেপ করে জামায়াত। এসব ঘটনায় পুলিশ ২৬ জনকে আটক করেছে। গতকাল বিকেল পাঁচটার দিকে নগরের চট্টেশ্বরী মোড় থেকে কাজীর দেউড়ি পর্যন্ত শতাধিক দোকানপাট, ব্যাংক-বিমা ও মার্কেটে ভাঙচুর চালানো হয়। জামায়াতের কর্মীরা নগরের ব্যাটারি গলির ভেতর থেকে লাঠিসোঁটা নিয়ে মিছিল বের করেন। তাঁরা ভাঙচুর করতে করতে নগরের কাজীর দেউড়ি মোড়ের দিকে যান। প্রত্যক্ষদর্শীরা জানান, কাজীর দেউড়ি ও আশপাশের ইস্টার্ন ব্যাংক, অগ্রণী ব্যাংক, পূবালী ব্যাংকসহ রাস্তার দুই পাশের বিভিন্ন সরকারি বেসরকারি কার্যালয়, দোকান ও বাসাবাড়ি ভাঙচুর করা হয়। কাজীর দেউড়ি মোড়ের ভিআইপি টাওয়ার ও অ্যাপোলো শপিং কমপ্লেক্সের কাচ ভাঙচুর করা হয়। এর আগে ব্যাটারি গলির মুখে শিবিরের কর্মীরা টায়ারে আগুন দেন। রিয়াজউদ্দিন বাজার: রায় ঘোষণার পরপরই দুপুরে নগরের স্টেশন সড়কে ভাঙচুরের চেষ্টা চালায় জামায়াত-শিবির। এ সময় ছাত্রলীগ, যুবলীগ ও বিক্ষুব্ধ জনতার দুটি মিছিল জামায়াত কর্মীদের ধাওয়া দেয়। এ সময় নূপুর মার্কেট-সংলগ্ন বিভিন্ন ভবনে আশ্রয় নিয়ে পুলিশ ও ছাত্রলীগ-যুবলীগ কর্মীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন জামায়াতের কর্মীরা।