রায় ঠেকাতে আবার সহিংস জামায়াত-শিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবদুল কাদের মোল্লা ও দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার রায় ঠেকাতে আবার সহিংস হয়ে উঠেছে জামায়াতে ইসলামী ও তাদের ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবির। গতকাল সোমবার রাজধানীসহ বিভিন্ন জেলায় যানবাহনে ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলার মাধ্যমে নতুন করে তৎপরতা শুরু করেছে দলটি।সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, আগামী দিনগুলোতে এ ধরনের সহিংস কর্মকাণ্ড চালিয়ে দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করতে চান জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। এই পরিকল্পনার অংশ হিসেবে ছাত্রশিবির বিক্ষোভ কর্মসূচির নামে গতকাল সকালে রাজধানীর মতিঝিল এলাকাসহ কয়েকটি জেলায় তাণ্ডব চালিয়েছে। আগামীকাল বুধবার সারা দেশে প্রতিবাদ কর্মসূচি দিয়েছে জামায়াত। এদিন বেলা তিনটায় রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর ফটকে সমাবেশ করারও ঘোষণা দিয়েছে দলটি। তাই এদিনও একই ধরনের সহিংস ঘটনার আশঙ্কা করা হচ্ছে।জানতে চাইলে জামায়াতের ঢাকা মহানগর কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল শফিকুল ইসলাম দাবি করেন, ‘আমরা বুধবার বায়তুল মোকাররমে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শুরু করব। দেশি-বিদেশি সব গণমাধ্যমের কর্মীরা সেখানে থাকবেন। বাধা না দিলে সেখানে কী ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়, তা তাঁরা দেখবেন।’সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, যুদ্ধাপরাধের অভিযোগে আটক নেতাদের মুক্তির দাবির পাশাপাশি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিকে যুক্ত করে এখন থেকে ধারাবাহিক কর্মসূচি দেবে জামায়াত ও ছাত্রশিবির। চোরাগোপ্তা এসব কর্মসূচিতে কর্মীদের যেকোনো মূল্যে সক্রিয়ভাবে অংশ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।এর আগে গত বছর নভেম্বর থেকে দফায় দফায় ঢাকাসহ বিভিন্ন জেলা শহরে পুলিশের ওপর চোরাগোপ্তা হামলা চালান জামায়াত-শিবিরের কর্মীরা। ওই সময় যানবাহনে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দেশে আতঙ্কজনক পরিস্থিতির সৃষ্টি করা হয়। গত ১১ ডিসেম্বর স্কাইপ সংলাপ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের পদত্যাগের কারণে জামায়াত কিছুদিন স্বস্তিতে ছিল। এখন একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে দলীয় নেতা আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে মামলার রায় ঘনিয়ে আসায় আবার তৎপর হয়ে উঠেছে জামায়াত-শিবির। জানা গেছে, কাদের মোল্লার মামলার রায় যেকোনো দিন ঘোষণা করা হতে পারে। জামায়াতের আরেক নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার বিচারও শেষ পর্যায়ে।২১ জানুয়ারি মানবতাবিরোধী অপরাধের প্রথম মামলায় জামায়াতের সাবেক নেতা আবুল কালাম আযাদের মৃত্যুদণ্ডের রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এরপর গ্রেপ্তার থাকা জামায়াতের নেতাদের ভাগ্য নিয়েও শঙ্কিত হয়ে পড়েন দলটির নেতা-কর্মীরা। এ অবস্থায় গ্রেপ্তার থাকা জামায়াতের নেতাদের বিরুদ্ধে রায়ের ওপর ভিত্তি করে সর্বোচ্চ প্রতিক্রিয়া দেখানোর প্রস্তুতি নিয়েছে দলটি। এতে ছাত্রশিবির মুখ্য ভূমিকায় থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ইয়াসির আরাফাত প্রথম আলোকে বলেন, ‘বিতর্কিত ট্রাইব্যুনাল বাতিল করে জামায়াতের নেতাদের মুক্তি না দেওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। কোনো দমন-পীড়নে এ আন্দোলন বন্ধ হবে না।’