রায় দ্রুত কার্যকর করার দাবি ইমরানের

মানবতাবিরোধী অপরাধে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবি করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। তিনি বলেন, ‘এরই মধ্যে দুটি রায় কার্যকর করা হয়েছে। আমরা দ্রুত আলী আহসান মুজাহিদ এবং সাকা চৌধুরীর ফাঁসির রায় কার্যকর দেখতে চাই।’
আজ বুধবার রাজধানীর শাহবাগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ট্রাইব্যুনালে দেওয়া সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির বহাল রাখার পর সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়ায় ইমরান এ কথা বলেন।
ইমরান এইচ সরকার বলেন, এ রায়ের মধ্য দিয়ে সত্য ও সুন্দরের জয় হয়েছে। ১৬ কোটি মানুষের বিজয় নিশ্চিত হয়েছে। এই রায়ের মাধ্যমে চক্রান্তের বিনাশ হয়েছে। যুদ্ধাপরাধীদের প্রভাব খর্ব হয়েছে। এটা আজ আবার প্রমাণিত হয়েছে যেকোনো ধরনের অপশক্তিকে মোকাবিলা করার শক্তি বাংলাদেশের জনগণের রয়েছে।
গণজাগরণের মঞ্চের মুখপাত্র ইমরান বলেন, এ রায়ে আমরা খুশি। আইনের প্রতি শ্রদ্ধা রেখে আনন্দ মিছিল বাতিল করেছি। সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা দিতে সরকারের প্রতিও আহ্বান জানান তিনি।
মুজাহিদসহ সব যুদ্ধাপরাধীর রায় দ্রুত কার্যকরের দাবিতে প্রতি শুক্রবার বিকেলে শাহবাগে গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে অবস্থান কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি।
আগের ঘোষণা অনুযায়ী গণজাগরণ মঞ্চের কর্মীরা সকাল আটটা থেকেই শাহবাগের প্রজন্ম চত্বরে জড়ো হতে থাকেন। আপিল বিভাগের রায়ের পর উল্লাস ফেটে পড়েন তারা। আনন্দ বের করতে চাইলে পুলিশ তাঁদের বাধা দেয়। ইমরান বলেন, যুদ্ধাপরাধের প্রতিটি রায়ের পর গণজাগরণ মঞ্চ বিজয় মিছিল করলেও আইনের প্রতি শ্রদ্ধা রেখে এবার তা করেননি তাঁরা।
মানবতাবিরোধী অপরাধে ট্রাইব্যুনালের রায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বহাল রাখায় সন্তোষ প্রকাশ করেছে চট্টগ্রাম গণজাগরণ মঞ্চ। আজ সকাল থেকে সেখানকার গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীরা নগরের চেরাগী চত্বরে সকাল থেকে অবস্থান করেন। সালাউদ্দিনের ফাঁসির রায় বহাল রাখার খবরে সেখানকার জনতা আনন্দ মিছিল করেন। এ সময় চট্টগ্রাম গণজাগরণ মঞ্চের সমন্বয়ক শরিফ চৌহান, সদস্যসচিব চন্দন দাস প্রমুখ উপস্থিত ছিলেন।