রায় দ্রুত কার্যকর চায় গণজাগরণ মঞ্চ

মানবতাবিরোধী অপরাধের দায়ে আলবদরের প্রধান ও জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়কে স্বাগত জানিয়ে গতকাল বুধবার শাহবাগে পৃথক আনন্দ মিছিল করেছে গণজাগরণ মঞ্চের দুই অংশ। তারা অবিলম্বে নিজামীর ফাঁসি কার্যকরের দাবি জানিয়েছে।
রায়ের পর মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের বলেন, ‘আজকে এই বিচারে আমরা আনন্দিত হয়েছি। কেননা, যে রায় প্রত্যাশিত ছিল, সে রায় হয়েছে। এসব “নরপশু” মানুষ হত্যা করে বাংলাদেশে যে বিভীষিকাময় অবস্থা তৈরি করেছিল, বাংলাদেশের স্বাধীনতাকে দুঃসহ করেছিল, তার সর্বোচ্চ শাস্তি হয়েছে, তা আমাদের আনন্দিত করেছে, খুশি করেছে।’
এ রায়ের মাধ্যমে সরকারের প্রতি জনগণের আস্থা ফিরে আসবে উল্লেখ করে ইমরান বলেন, যুদ্ধাপরাধীদের বিচারে ট্রাইব্যুনালে যে ধীরগতি হয়েছিল, এ রায়ের ফলে তা আরও গতিশীল হবে। তবে যুদ্ধাপরাধীর রায় দ্রুত কার্যকর করে সরকারকে প্রমাণ করতে হবে যে তারা বিচারে আন্তরিক।
পরে নেতা-কর্মীরা একটি আনন্দ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ঘুরে আবার শাহবাগে ফিরে আসেন। অন্যদের সঙ্গে মিছিলে ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন ও ছাত্র ফ্রন্টের নেতা-কর্মীরাও অংশ নেন।
সকাল থেকে শাহবাগে গণজাগরণ মঞ্চের দুই অংশ জাতীয় জাদুঘরের সামনে পাশাপাশি অবস্থান নেয়। তারা নিজামীর ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এ সময় জাসদ ছাত্রলীগ ও অপরাজেয় বাংলাদেশ নামের একটি সংগঠন আলাদা ব্যানার নিয়ে নিজামীর ফাঁসির দাবিতে বিক্ষোভ করে। এরা জাদুঘরের প্রধান ফটকে গণজাগরণ মঞ্চের দুই অংশের মাঝামাঝি অবস্থান নেয়।
দুপুরে নিজামীর ফাঁসির রায় ঘোষণার খবর শাহবাগে এসে পৌঁছালে নেতা-কর্মীরা একে অপরকে জড়িয়ে ধরেন এবং উল্লাস প্রকাশ করেন। নেতা-কর্মীরা ‘এই মাত্র খবর এল, রাজাকারের ফাঁসি হলো’, ‘আমাদের সংগ্রাম, চলছে চলবে’, ‘জয় বাংলার স্মরণে, ভয় করি না মরণে’—এসব স্লোগান ধরেন।
গণজাগরণ মঞ্চের অপর অংশটি তাৎক্ষণিকভাবে আনন্দ মিছিল বের করে। জাসদ ছাত্রলীগসহ মহাজোট সরকারের অন্য ছাত্রসংগঠনগুলোর নেতা-কর্মীরাও মিছিলে যোগ দেন। এই ছাত্রসংগঠনগুলোর নেতারা একসময় ‘শাহবাগ আন্দোলন’ নামে দুই অংশ থেকেই পৃথক হয়ে গিয়েছিলেন।
মিছিল শেষে জাদুঘরের সামনে সংক্ষিপ্ত সমাবেশ হয়। সেখানে কামাল পাশা চৌধুরী বলেন, ‘আমরা দেখতে চাই, নিজামীকে লটকে দেওয়া হয়েছে। কাগুজে রায় দেওয়ার পরে গোলাম আযম স্বাভাবিক মৃত্যুবরণ করেছে। সাঈদী আর নিজামীর বেলায় আমরা সে কাগুজে রায় দেখতে চাই না।’
পেছাল ‘জাগরণযাত্রা’: জামায়াতের ডাকা হরতালের কারণে পূর্বঘোষিত ‘জাগরণযাত্রা’ এক দিন পিছিয়ে শুক্রবার শুরু হবে। মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার প্রথম আলোকে বলেন, হরতাল প্রতিরোধে বৃহস্পতি, রবি ও সোমবার সকাল ১০টা থেকে দিনব্যাপী শাহবাগে অবস্থান নেবে গণজাগরণ মঞ্চ।
মঞ্চের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বৃহস্পতিবারের পরিবর্তে কাল শুক্রবার সকাল আটটায় শাহবাগ থেকে জাগরণযাত্রা শুরু হবে। এদিন বেলা তিনটায় ঝিনাইদহে, সাড়ে চারটায় চুয়াডাঙ্গায় ও সন্ধ্যা ছয়টায় মেহেরপুরে পথসভা-সমাবেশ হবে। পরদিন শনিবার সকাল ১০টায় কুষ্টিয়ায়, বেলা ১১টায় ঈশ্বরদীতে, দুইটায় পুঠিয়াতে ও বেলা সাড়ে তিনটায় রাজশাহীতে একই কর্মসূচি রয়েছে। রোববার তেঁতুলিয়ায় সমাবেশ করে জাগরণযাত্রার ঢাকায় আসার কথা থাকলেও আগের দিন বিকেলেই তারা ঢাকায় ফিরবে।
ছাত্রলীগের আনন্দ মিছিল: ট্রাইব্যুনালের রায়কে স্বাগত জানিয়ে তাৎক্ষণিকভাবে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনন্দ মিছিল করেছে।