রায় দ্রুত কার্যকর চায় সাঁথিয়া বেড়ার শহীদ পরিবারগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির দণ্ড বহাল থাকায় স্বস্তি প্রকাশ করে রায় দ্রুত কার্যকরের দাবি করেছেন পাবনার সাঁথিয়া ও বেড়া উপজেলায় শহীদ হওয়া কয়েকটি পরিবারের সদস্যরা।
তিনটি অভিযোগের পরিপ্রেক্ষিতে নিজামীর ফাঁসির আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। প্রথমটি হলো ১৯৭১ সালের ২৭ নভেম্বর সাঁথিয়ার ধুলাউড়ি গ্রামে রাজাকার ও পাকিস্তানি সেনারা অভিযান চালিয়ে নারী, শিশুসহ ৫২ জনকে হত্যা করে তাঁর নির্দেশে। এঁদের মধ্যে অনেকে ছিলেন মুক্তিযোদ্ধা। ওই মুক্তিযোদ্ধাদের ১৯ জনকে ধুলাউড়ি গ্রামে গণকবর দেওয়া হয়। গতকাল বুধবার ওই গ্রামে গিয়ে দেখা গেল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে গণকবরটিতে স্মৃতিসৌধ নির্মিত হয়েছে।
গণকবরের কাছেই রইজউদ্দিন ফকিরের (৮৫) বাড়ি। ১৯৭১ সালের ২৭ নভেম্বরের ঘটনায় তাঁর বড় ছেলে জহুরুল শহীদ হন। রইজউদ্দিন বলেন, ‘আমার ছেলেকে যারাই হত্যা করে থাকুক, তাদের যেন বিচার হয়।’
রায়ে সন্তুষ্টি প্রকাশ করে সাঁথিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রেজাউল করিম বলেন, একাত্তরে নিজামীর কর্মকাণ্ডে সাঁথিয়াবাসী লজ্জিত ছিল। আজকের রায়ে সেই লজ্জা দূর হতে বসেছে।
নিজামীর রায় ঘোষণা সামনে রেখে গতকাল সকাল থেকেই নিজামীর নির্বাচনী এলাকা বেড়া ও সাঁথিয়া উপজেলায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। দুই উপজেলার গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থানগুলোতে পুলিশের পাশাপাশি র্যা ব মোতায়েন করা হয়।
নিজামীর বিরুদ্ধে সপ্তম অভিযোগ ছিল, একাত্তরের ৩ নভেম্বর তাঁর দেওয়া তথ্য অনুসারে বেড়া উপজেলার বৃশালিখা গ্রামের সোহরাব আলীকে পাকিস্তানি সেনারা আটক ও হত্যা করে। এই অভিযোগে ট্রাইব্যুনালেরও দেওয়া যাবজ্জীবন কারাদণ্ডের সাজা আপিল বিভাগ বহাল রাখেন। এ মামলার সাক্ষী ছিলেন সোহরাব আলীর ছোট ছেলে আমিনুল ইসলাম। তিনি বলেন, ‘নিজামীর ফাঁসির আদেশ বহাল থাকায় আমরা খুশি হয়েছি। দ্রুত এই রায়ের বাস্তবায়ন চাই। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের দোসরদেরও সাজা চাই।’
নিজামীর গ্রামে নীরবতা: সাঁথিয়া উপজেলা সদর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরের মন্মথপুর মতিউর রহমান নিজামীর নিজ গ্রাম। গতকালের রায়ের পর ওই গ্রামে গিয়ে নিস্তব্ধ পরিবেশ লক্ষ করা গেছে। রায়ের ব্যাপারে গ্রামের লোকজন খোলামেলা কোনো কথা বলতে রাজি হননি। গ্রামের অনেকের মধ্যেই রায় নিয়ে হতাশা ও ক্ষোভ লক্ষ করা গেছে।
স্থানীয় ব্যক্তিরা জানান, নিজামীর গ্রাম হওয়ায় ওই গ্রামের বেশির ভাগ মানুষ জামায়াতের সমর্থক। তবে সক্রিয় রাজনীতি করেন এমন মানুষের সংখ্যা একেবারেই কম। মন্মথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দুপুর ১২টার দিকে গিয়ে দেখা যায়, ছয়-সাতজন বসে কথা বলছেন। নিজামীর রায়ের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে সবাই বিষয়টি টিভিতে শুনেছেন বলে জানান। এ বিষয়ে কেউ কোনো মন্তব্য করতে না চাইলেও একপর্যায়ে নাম প্রকাশ না করার শর্তে দু-তিনজন বলেন, নিজামী এ গ্রামের সন্তান। তাঁর এমন খবরে গ্রামের লোকজনের কষ্ট লাগাটাই তো স্বাভাবিক।
সেখান থেকে কিছুটা এগিয়ে যেতেই রাস্তার পাশে নিজামীর পৈতৃক বাড়ি। ওই বাড়িতে নিকটাত্মীয় তেমন কেউ না থাকলেও দূর সম্পর্কের কয়েকজন আত্মীয় থাকেন। নিজামীর দূর সম্পর্কের ভাতিজি শেফালি আক্তার জানান, রায়ের খবর শুনেছেন। কিন্তু এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। গ্রামবাসী জানান, রায় ঘোষণার পর থেকে ওই গ্রামটিতে পুলিশি টহল বেড়েছে।