রায় দ্রুত কার্যকরের দাবি
জাহিদ হোসেনের ফাঁসির রায়ে সন্তোষ ও স্বস্তি প্রকাশ করেছে নগরকান্দা ও সালথার ভুক্তভোগী মানুষসহ এলাকাবাসী। তাঁরা নগরকান্দা পৌর বিএনপির সহসভাপতি জাহিদের রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন।
রায়ের পর প্রতিক্রিয়ায় গোয়ালদি গ্রামের রমেশ চন্দ্র রায় (৭৮) সন্তোষ প্রকাশ করে বলেন, ‘একাত্তরের ৩১ মে আমার ঠাকুরদা রাজেন্দ্র চন্দ্র রায়কে হত্যা করে জাহিদ। জাহিদের ফাঁসি কার্যকর হলে আমরা শান্তি পাব, স্বস্তি পাবে ঠাকুরদার বিদেহী আত্মা।’
গোয়ালদির নিহত শিশু বুলু খাতুনের ভাই আবদুল হান্নান মুন্সী (৬৭) বলেন, ‘এই দিনটির অপেক্ষায় ছিলাম। রায় কার্যকর হলেই বুঝব বোনের হত্যার বিচার পেয়েছি।’ একাত্তরে ভাই নুরু মাতুব্বরকে হারানো কোদালিয়া-শহীদনগর ইউনিয়নের ঈশ্বরদী গ্রামের আবুল কাশেম মাতুব্বর (৬২) বলেন, ‘এ রায়ে আমি আনন্দিত। জাহিদের ফাঁসি দেখে মরতে চাই।’ চাঁদেরহাট বণিকপাড়ার ক্ষতিগ্রস্ত রবীন্দ্রনাথ দত্ত রায় দ্রুত কার্যকরের দাবি জানান।
রায় ঘোষণার পর আনন্দ মিছিল করে নগরকান্দা ও সালথা উপজেলা আওয়ামী লীগ। জাহিদ ২০১১ সালের ১৭ জানুয়ারির নির্বাচনে নগরকান্দা পৌরসভার মেয়র নির্বাচিত হন। তবে শপথ নেওয়ার পরপরই তিনি পালিয়ে যান। তদন্ত সংস্থার সূত্র জানায়, তিনি বর্তমানে সুইডেনের স্টকহোমে আছেন।
নগরকান্দা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বলেন, জাহিদের ফাঁসির দণ্ড কার্যকর হওয়ার মধ্য দিয়ে কলঙ্কমুক্ত হবে নগরকান্দা। নগরকান্দা বিএনপির সভাপতি গিয়াস মণ্ডল বলেন, ‘আমি নিজে মুক্তিযোদ্ধা। আমি মনে করি রায় যথার্থই হয়েছে।’
এদিকে জাহিদ হোসেনের ভাই শামসুল হুদা বলেন, ‘এ রায় নিয়ে আমাদের পরিবারের কোনো বক্তব্য নেই।’