নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় ২৬ আসামির ফাঁসির রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা। তাঁদের একটাই দাবি, রায় দ্রুত কার্যকর করা হোক।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী সরকারি কৌঁসুলি (পিপি) এস এম ওয়াজেদ আলী প্রথম আলোকে বলেন, ‘রাষ্ট্রপক্ষ থেকে এ মামলা শতভাগ প্রমাণ করতে সক্ষম হয়েছি।’ অপহরণ, ষড়যন্ত্র ও হত্যা করেছেন আসামিরা। রায়ে রাষ্ট্রপক্ষ শতভাগ সন্তুষ্ট। সরকারের এই কৌঁসুলি আশা করেন, উচ্চ আদালতেও বিচারিক আদালতের এই ফাঁসির রায় বহাল থাকবে।
গতকাল সোমবার সকালে সাত খুন মামলার রায় ঘোষণা করেন নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন। রায়ে মামলার সাবেক কাউন্সিলর নূর হোসেন, র্যা বের সাবেক কর্মকর্তা লে. কর্নেল তারেক সাঈদসহ ২৬ জনকে মৃত্যুদণ্ডাদেশ দেন।
নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি, চন্দন সরকারের মেয়ে সুস্মিতা সরকার, চন্দন সরকারের গাড়িচালক নিহত ইব্রাহীমের মা নূরজাহান, নিহত মনিরুজ্জামানের স্ত্রী মোর্শেদা আক্তারসহ তাঁদের আত্মীয়-স্বজন গতকাল আদালতে আসেন। রায় ঘোষণার সময় নজরুল ইসলামের শ্বশুর শহিদুল হক ও শাশুড়ি জ্যোৎস্না বেগম কাঁদতে থাকেন। জ্যোৎস্না বেগম বলেন, নূর হোসেনরা তাঁর মেয়ের সোনার সংসার তছনছ করে দিয়েছেন। তাঁদের ফাঁসি দ্রুত কার্যকর করা হোক। সেলিনা ইসলাম বিউটি প্রথম আলোকে বলেন, ‘এই রায়ে আমি সন্তুষ্ট। আমার চাওয়া শুধু রায়টি দ্রুত কার্যকর করা হোক।’
রায় ঘোষণার পর সুস্মিতা সরকারও আবেগতাড়িত হয়ে পড়েন। আদালত চত্বরে তিনি প্রথম আলোকে বলেন, ‘আজ রায় হয়েছে। আমি মনে করি, এটা শুধু আমার বাবার রায় নয়, এই রায়ে সত্যের জয় হয়েছে।’ রায় দ্রুত কার্যকরের দাবি জানান তিনি।
আদালতে চন্দন সরকারের গাড়িচালক ইব্রাহিমের স্ত্রী রহিমা বেগম, তাঁর বৃদ্ধ মা নূরজাহান ও বাবা আবদুল ওহাব উপস্থিত ছিলেন। এই রায়ে তাঁরা খুশি। রহিমা বেগম প্রথম আলোকে বলেন, ‘এই রায়ে আমি সন্তুষ্ট হয়েছি। ফাঁসিতে ঝুলিয়ে রায় কার্যকর করুক।’
রায়ের প্রতিক্রিয়ায় নিহত মনিরুজ্জামানের ছোট ভাই মিজানুর রহমান বলেন, ‘রায়ে আমরা সন্তুষ্ট। রায় দ্রুত কার্যকর করলে আরও খুশি হব।’ তবে মনিরুজ্জামানের স্ত্রী মোর্শেদা আক্তার বলেন, ‘রায় কার্যকর না করা পর্যন্ত আমি সন্তুষ্ট নই।’
রায় ঘোষণার আগে আদালত চত্বরে আসেন বাদীপক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন খান। রায়ে সন্তোষ প্রকাশ করে তিনি প্রথম আলোকে বলেন, ‘রায়ের আগে আমরা প্রত্যাশা করেছিলাম, সব আসামির সর্বোচ্চ শাস্তি হবে। রায়ে সব আসামির শাস্তি হয়েছে। এই হত্যাকাণ্ডের পর প্রথম থেকে অনেক প্রতিবন্ধকতার ভেতর দিয়ে, অনেক চড়াই-উতরায় পেরিয়ে এই মামলার রায় হয়েছে। আমি ব্যক্তিগতভাবে আনন্দিত। রায়টি কার্যকর করতে সব পদক্ষেপ গ্রহণ করা হোক।’
পিপি এস এম ওয়াজেদ আলী প্রথম আলোকে বলেন, ‘দায়িত্বে থেকে সরকারি পোশাক পরে তাঁরা নৃশংস এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। এই রায়ে প্রমাণ হয়েছে, কেউ আইনের ঊর্ধ্বে নন। অপরাধ করে পার পাওয়া যায় না, সেটা প্রতিষ্ঠিত হলো। এলিট ফোর্সের বাহিনীর সদস্য হয়েও, অনেক প্রভাবশালী ব্যক্তি হয়েও তাঁদের মৃত্যুদণ্ডের আদেশ নিয়ে আদালত থেকে যেতে হচ্ছে।