সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে সৃষ্ট পরিস্থিতি সম্পর্কে উদ্বেগ জানিয়ে এ রায় সম্পর্কে সব মহলকে গঠনমূলক ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে সেক্টর কমান্ডারস ফোরাম।
গতকাল রোববার সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক সভায় রায় নিয়ে তৈরি বিতর্ক প্রশমনের এই আহ্বান জানানো হয়। গতকাল এক বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে বলা হয়, শীর্ষ আদালতের রায় যদি সমাজে অস্থিতিশীলতার কারণ হয়, তবে তা দুঃখজনক। তবে বহুল বিতর্কিত ষোড়শ সংশোধনীর রায়ের পর্যবেক্ষণের কিছু অংশে এমন কিছু মন্তব্য করা হয়েছে, যা অপ্রাসঙ্গিক এবং জাতীয় সংসদের মর্যাদা ক্ষুণ্ণ করে বলে এই সভা মনে করে।
ফোরামের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ফোরামের ভাইস চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল আবু ওসমান চৌধুরী (অব.), সহসভাপতি আনোয়ারুল আলম শহীদ ও ম. হামিদ, মহাসচিব হারুন হাবীব, যুগ্ম মহাসচিব আবুল কালাম আজাদ পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার (অব.), আইন সম্পাদক হাবিবুর রহমান শওকত, সমাজকল্যাণ সম্পাদক নুরুল আনোয়ার, কেন্দ্রীয় নারী কমিটির সভাপতি লায়লা হাসান, নারীবিষয়ক সম্পাদক বুলবুল মহলানবীশ প্রমুখ। বিজ্ঞপ্তি