রায় নিয়ে রাজনীতি নয়: প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, রায় নিয়ে রাজনীতি নয়, গঠনমূলক সমালোচনা করা যাবে। ষোড়শ সংশোধনীর রায় নিয়ে আইন কমিশনের বক্তব্য সম্পর্কে গতকাল বৃহস্পতিবার কয়েকজন আইনজীবী আদালতের দৃষ্টি আকর্ষণ করলে প্রধান বিচারপতি এ কথা বলেন। তিনি বলেন, ‘সরকার বা বিরোধী দল কারও ট্র্যাপে (ফাঁদে) পড়ব না, আমরা সচেতন।’
ষোড়শ সংশোধনীর রায় সম্পর্কে আইন কমিশনের ডাকা এক সংবাদ সম্মেলনে গত বুধবার কমিশনের চেয়ারম্যান ও সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক বলেছিলেন, বাংলাদেশ এখন আর জনগণের প্রজাতন্ত্র নয়, বরং এটা বিচারকদের প্রজাতন্ত্রে পরিণত হয়েছে। তিনি মনে করেন, ষোড়শ সংশোধনী নিয়ে দেওয়া ওই রায় ছিল পূর্বধারণাপ্রসূত।
গতকাল সকালে এজলাসে আসেন প্রধান বিচারপতি ও বেঞ্চের অপর দুজন বিচারপতি। নয়টার দিকে বিচারপতিদের আসন গ্রহণের পর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন বলেন, বিচার বিভাগের মর্যাদা সমুন্নত রাখতে চাই। তিনি আইন কমিশনের চেয়ারম্যানের বক্তব্যসহ গণমাধ্যমে আসা খবর তুলে ধরেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন বলেন, রায় ও বিচারকদের নিয়ে যেভাবে বলা হয়েছে, তা আদালত অবমাননাকর। এ সময় প্রধান বিচারপতি বলেন, ‘ঠিক আছে, আপনারা জ্যেষ্ঠ আইনজীবী, বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে বলবেন।’
একপর্যায়ে আইনজীবী ও সরকারদলীয় সাংসদ নূরুল ইসলাম বলেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বলছে। আদালত বলেন, কে বলছেন? তখন নুরুল ইসলাম দাঁড়িয়ে যান।
প্রধান বিচারপতি বলেন, ‘রায় হয়ে যাওয়ার পর এর গঠনমূলক সমালোচনা আমরা গ্রহণ করি। রায় নিয়ে যেকোনো গঠনমূলক সমালোচনাকে আমরা স্বাগত জানাব।’ আইনজীবী জয়নুল আবেদীন বলেন, সর্বোচ্চ বিচারালয়কে নিয়ে যেভাবে বলা হয়েছে, তা গুরুতর আদালত অবমাননাকর।
এই পর্যায়ে প্রধান বিচারপতি বলেন, ‘এই বিচার বিভাগকে রক্ষা করতে হলে কোনো রাজনীতি আনবেন না। আমরা রায় দিয়ে দিয়েছি, ইতিহাস বিচার করবে। বিচার বিভাগ কোনো রিজয়েন্ডার দেবে না।’
আইনজীবী জয়নুল আবেদীন বলেন, ‘সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি হিসেবে বলছি।’ একপর্যায়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ও আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিম বলেন, সমিতির পক্ষ থেকে এ বিষয়ে কোনো রেজল্যুশন আনা হয়নি। প্রধান বিচারপতি বলেন, ‘আমরা সচেতন, আমরা দেখছি।’ কমিশনের ওই বক্তব্য আদালত অবমাননাকর উল্লেখ করে এ সময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন আদালত অবমাননার রুল ইস্যুর কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, ‘আমি অনুরোধ করব, আপনারা সংযত আচরণ করবেন, যা সবার জন্য মঙ্গল। সরকার বা বিরোধী দল কারও ট্র্যাপে পড়ব না, আমরা সচেতন। সাতজন বিচারপতি চিন্তাভাবনা করে রায় দিয়েছি। একদিন ইতিহাস বিচার করবে। রায় নিয়ে কেউ পলিটিকস করবেন না।’ এরপর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেন, আদালত নিয়ে কুৎসা রটানো হয়েছে।
গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে দৃষ্টি আকর্ষণের এই পর্যায়ে উপস্থিত আইনজীবীদের প্রধান বিচারপতি বলেন, ‘আপনারা সংযত আচরণ করবেন, যাতে কেউ ফায়দা লুটতে না পারে। আপনারা আরও সচেতন হবেন।’ এরপর জয়নুল আবেদীন বলেন, ‘আমরা আমাদের দায়িত্ব পালন করছি। অর্থমন্ত্রী যা বলেছেন, তা নিয়ে আসিনি। আইন কমিশনের চেয়ারম্যান দায়িত্বশীল পদে আছেন। তিনি এভাবে বলতে পারেন না।’ প্রধান বিচারপতি বলেন, ‘উই আর কনসার্নড।’
পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আইনজীবী মওদুদ আহমদ বলেন, ওই বক্তব্য অবমাননাকর। প্রধান বিচারপতি বলেন, রায়ের গঠনমূলক সমালোচনা যে কেউ করতে পারেন। গঠনমূলক সমালোচনা ফেয়ার।
এ সময় আদালতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, জ্যেষ্ঠ আইনজীবী এ এফ হাসান আরিফ ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা, আইনজীবী নিতাই রায় চৌধুরী উপস্থিত ছিলেন। পরে অ্যাটর্নি জেনারেল নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার সকাল নয়টার দিকে যখন আদালত বসেছিলেন, তখন বিএনপিপন্থী কয়েকজন আইনজীবী বারের সভাপতি-সম্পাদকও ছিলেন, তাঁরা কতগুলো সংবাদপত্র নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন, বিচারপতি খায়রুল হকের ষোড়শ সংধোনীর বিষয়ে মন্তব্য নিয়ে। ওনারা (আইনজীবীরা) বলতে চেয়েছেন, এতে আদালত অবমাননা হয়েছে। প্রধান বিচারপতি বলেছেন, সুপ্রিম কোর্টের রায় নিয়ে, এই ষোড়শ সংশোধনীর রায় নিয়ে কেউ যাতে কোনো রাজনীতি না করেন, কেউ যাতে এটিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার না করেন।