রায় পুনর্বিবেচনা চাইবেন সাঈদী
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চাইবেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী। গতকাল বুধবার দুপুরে গাজীপুরের কাশিমপুরে কেন্দ্রীয় কারাগার পার্ট-১-এ থাকা সাঈদীর সঙ্গে তাঁর ছেলে ও তিন আইনজীবী দেখা করার সময় রায় পুনর্বিবেচনার আবেদন করার এ সিদ্ধান্ত জানান।
বেলা দেড়টার দিকে সাঈদীর তিন আইনজীবী এম ইউসুফ আলী, সাইফুর রহমান ও মতিউর রহমান আখন্দ এবং ছেলে মাসুদ সাঈদী কাশিমপুর কারাগারে যান। পরে কারা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে বেলা দুইটার দিকে তাঁরা সাঈদীর সঙ্গে দেখা করেন।
কাশিমপুরে কেন্দ্রীয় কারাগার পার্ট-১-এর সুপার সুব্রত কুমার বালা বলেন, সাঈদীর ছেলে ও তিন আইনজীবী প্রায় আধা ঘণ্টা কারাগারের ভেতর সাঈদীর সঙ্গে কথা বলেন।
কারাগার থেকে বেরিয়ে আইনজীবী মতিউর রহমান আখন্দ বলেন, আপিল বিভাগে সাঈদীকে একজন বিচারপতি খালাস দিয়েছেন, একজন বিচারপতি মৃত্যুদণ্ড ও তিনজন বিচারপতি আমৃত্যু কারাদণ্ডের রায় দিয়েছেন। এতে প্রমাণিত হয় যে রাষ্ট্রপক্ষ সাঈদীর বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে পারেনি। এ অভিযোগ ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তাই ওই রায়ের বিরুদ্ধে তিনি (সাঈদী) পুনর্বিবেচনার আবেদন করবেন। তিনি বিশ্বাস করেন, পুনর্বিবেচনার রায়ে তিনি ন্যায়বিচার পাবেন এবং কারাগার থেকে মুক্ত হবেন।
সাঈদীর ছেলে মাসুদ সাঈদী প্রথম আলোকে বলেন, বেঁধে দেওয়া সময়ের মধ্যেই তাঁরা রায় পুনর্বিবেচনার আবেদন করবেন। সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের রায় পুনর্বিবেচনা চেয়ে গত মঙ্গলবার আবেদন করে রাষ্ট্রপক্ষ। এ আবেদনে সাঈদীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া ফাঁসির রায় পুনর্বহাল চাওয়া হয়।