রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন বিজিএমইএর
রাজধানীর সোনারগাঁও হোটেলের পূর্বপাশে অবস্থিত তৈরি পোশাকশিল্প প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ১৬ তলা ভবনটি অবিলম্বে ভেঙে ফেলতে আপিল বিভাগের দেওয়া রায় পুনর্বিবেচনা চেয়ে (রিভিউ) আবেদন করা হয়েছে।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করা হয়। বিজিএমইএর কৌঁসুলি ইমতিয়াজ মইনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ৯৮ পৃষ্ঠার রিভিউ আবেদনটি করা হয়েছে। এতে রায় স্থগিতের আরজি জানানো হয়েছে।
বিজিএমইএর ১৬ তলা ভবনটি অবিলম্বে তাদের নিজ খরচায় ভেঙে ফেলতে নির্দেশ দিয়ে সর্বোচ্চ আদালতের দেওয়া পূর্ণাঙ্গ রায় গত ৮ নভেম্বর প্রকাশিত হয়। বিধান অনুসারে ত্রিশ দিনের মধ্যে সংক্ষুব্ধ পক্ষ রিভিউ আবেদন করতে পারে। এ হিসেবে শেষ দিনে আজ বৃহস্পতিবার বিজিএমইএর সভাপতি রিভিউ আবেদনটি করলেন। একটি সূত্র জানায়, এতে অন্যত্র স্থানান্তরের জন্য তিন বছরের সময় চাওয়া হয়েছে।
হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে বিজিএমইএর করা লিভ টু আপিল খারিজ করে গত ২ জুন রায় ঘোষণা করেছিলেন আপিল বিভাগ। প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ে বলা হয়, ‘বেগুনবাড়ি খাল’ ও ‘হাতিরঝিল’ জলাভূমিতে অবস্থিত ‘বিজিএমইএ কমপ্লেক্স’ নামের ভবনটি নিজ খরচে অবিলম্বে ভাঙতে আবেদনকারীকে (বিজিএমইএ) নির্দেশ দেওয়া যাচ্ছে। এতে ব্যর্থ হলে রায়ের কপি হাতে পাওয়ার ৯০ দিনের মধ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে ভবনটি ভেঙে ফেলতে নির্দেশ দেওয়া হলো। এ ক্ষেত্রে ভবন ভাঙার খরচা আবেদনকারীর (বিজিএমইএ) কাছ থেকে আদায় করবে তারা।
পাঁচ বছর আগে হাইকোর্ট বিজিএমইএ ভবন ভাঙার নির্দেশ দিয়ে রায় দিয়েছিলেন। ২০১১ সালের ৩ এপ্রিল হাইকোর্টের রায়ে ওই ভবনটিকে ‘হাতিরঝিল প্রকল্পে একটি ক্যানসারের মতো’ উল্লেখ করে রায় প্রকাশের ৯০ দিনের মধ্যে ভেঙে ফেলতে নির্দেশ দেওয়া হয়।