রায় পুনর্বিবেচনা চেয়ে মীর কাসেমের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির রায় পুনর্বিবেচনা চেয়ে (রিভিউ) আবেদন করেছেন একাত্তরের গুপ্তঘাতক কুখ্যাত আলবদর বাহিনীর নেতা ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলী। গতকাল রোববার মীর কাসেমের আইনজীবীরা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন জমা দেন।
মীর কাসেমের ছেলে আইনজীবী মীর আহমেদ বিন কাসেম প্রথম আলোকে বলেন, ৮৬ পৃষ্ঠার পুনর্বিবেচনার আবেদনে ১৪টি যুক্তি তুলে ধরে তাঁর (মীর কাসেম) খালাস চাওয়া হয়েছে।
মীর কাসেমের প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, ‘মীর কাসেম রাজনীতিবিদ ছিলেন না, ছিলেন ব্যবসায়ী। আমরা গুরুত্ব দিয়েছি ১১ নম্বর অভিযোগে, যেখানে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আশা করি, রিভিউয়ে ন্যায়বিচার পাব।’
তবে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আশা করছেন, মীর কাসেমকে দেওয়া আপিল বিভাগের মৃত্যুদণ্ডের রায় বহাল থাকবে।
মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে গত ৮ মার্চ রায় ঘোষণা করেন আপিল বিভাগ। ৬ জুন পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পৌঁছার পর মীর কাসেমের বিরুদ্ধে মৃত্যুপরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। ওই রাতেই মৃত্যুপরোয়ানা ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছায়। পরদিন কাশিমপুর কারাগারে আটক মীর কাসেমকে তা পড়ে শোনানো হয়।
গতকাল আপিলের রায় পুনর্বিবেচনার আবেদন করায় দণ্ডের কার্যকারিতা স্থগিত থাকবে। এই আবেদন খারিজ হলে শেষ সুযোগ হিসেবে মীর কাসেম রাষ্ট্রপতির কাছে অপরাধ স্বীকার করে প্রাণভিক্ষা চাইতে পারবেন। তবে প্রাণভিক্ষা না চাইলে কিংবা ওই আবেদন করার পর তা নাকচ হলে ফাঁসি কার্যকর করা হবে।