রায় পুনর্বিবেচনার আবেদন করবেন মুজাহিদ
একাত্তরে বুদ্ধিজীবী নিধনের পরিকল্পনা ও সহযোগিতার দায়ে মৃত্যুদণ্ড বহাল রেখে সর্বোচ্চ আদালতের দেওয়া রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করবেন আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ। তাঁর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও ছোট ছেলে আলী আহমেদ মাবরুর এ তথ্য জানিয়েছেন।
আলবদর বাহিনীর এই নেতার ফাঁসি বহাল রেখে আজ মঙ্গলবার সকালে রায় ঘোষণা করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ।
রায় ঘোষণার পর মুজাহিদের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করা হবে।’
খন্দকার মাহবুব হোসেনের দাবি, ‘এই মামলায় মুজাহিদকে মৃত্যুদণ্ড দেওয়ার মতো পর্যাপ্ত সাক্ষ্যপ্রমাণ ছিল না। আমরা এখনো মনে করি, রায় ঠিক হয়নি। আমরা এর বিরুদ্ধে রিভিউ করব। পূর্ণাঙ্গ রায়ের কপি হাতে পাওয়ার পরেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
রায়ের পর মুজাহিদের ছোট ছেলে আলী আহমেদ মাবরুর বলেন, ‘রায়ে আমরা সংক্ষুব্ধ। আমরা ন্যায় বিচার পাইনি।’
মুজাহিদের ছোট ছেলে বলেন, ‘আমরা ট্রাইব্যুনালে ন্যায় বিচার পাইনি। ভেবেছিলাম আপিলে ন্যায় বিচার পাব। কিন্তু এখানেও পেলাম না। এই রায়ের বিরুদ্ধে রিভিউ করা হবে।’
মুজাহিদ জামায়াতে ইসলামীর গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী নেতা। তিনি দলটির বর্তমান সেক্রেটারি জেনারেল। বিগত চারদলীয় জোট সরকারের তিনি সমাজকল্যাণমন্ত্রী ছিলেন।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম সর্বোচ্চ সাজা পান মুজাহিদ। ২০১৩ সালের ১৭ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মুজাহিদকে মৃত্যুদণ্ডাদেশ দিয়ে রায় ঘোষণা করেন।
২০১৩ সালের ১১ আগস্ট ট্রাইব্যুনালের ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করেন মুজাহিদ।