রায় পুনর্বিবেচনার আবেদন করবেন মুজাহিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডাদেশ পাওয়া জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন তাঁর আইনজীবী শিশির মনির। ছবি: ফোকাস বাংলা
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডাদেশ পাওয়া জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন তাঁর আইনজীবী শিশির মনির। ছবি: ফোকাস বাংলা

রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের প্রস্তুতি নিতে বলেছেন একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডাদেশ পাওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ। আজ শনিবার বেলা পৌনে ১১টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে মুজাহিদের সঙ্গে দেখা করেন তাঁর আইনজীবীরা। এ সময় আইনজীবীদের তিনি এ কথা বলেন।
আধঘণ্টার বেশি সময় মুজাহিদের সঙ্গে কথা বলেন আইনজীবীরা। পরে আইনজীবীদের একজন শিশির মনির সাংবাদিকদের বলেন, মুজাহিদ তাঁদের রিভিউয়ের প্রস্তুতি নিতে বলেছেন। ১৯১ পৃষ্ঠার রায়ের কপি মুজাহিদকে দেওয়া হয়েছে। তিনি সেটি পর্যালোচনা করবেন। রিভিউ দাখিল করার আগে মুজাহিদ আরও একবার আইনজীবীদের সঙ্গে দেখা করতে চেয়েছেন।
শিশির মনির বলেন, একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডাদেশ পাওয়া মুজাহিদ আইনজীবীদের বলেছেন, যেসব অভিযোগ রাষ্ট্রপক্ষ এনেছে তার সঙ্গে দূরতম সংশ্লিষ্টতা তাঁর (মুজাহিদ) নেই। ১৯৭২ সালে বুদ্ধিজীবী হত্যার ঘটনায় ৪২টি মামলা হয়েছিল। এই ৪২টি মামলার কোনোটিতেই তিনি আসামি ছিলেন না। তা ছাড়া ১৯৭২ সালে জহির রায়হানকে আহ্বায়ক করে বুদ্ধিজীবী হত্যার তদন্ত কমিটি করা হয়। ওই তদন্ত কমিটির প্রতিবেদন রাষ্ট্রপক্ষ আজ পর্যন্ত আদালতে জমা দেয়নি।
মুজাহিদের বরাত দিয়ে আইনজীবী শিশির মনির আরও বলেন, ১৯৭১ সালে তিনি আল বদর বাহিনীর প্রধান ছিলেন বলে অভিযোগ আছে। এ সম্পর্কে কোনো তথ্যপ্রমাণ রাষ্ট্রপক্ষ জমা দিতে পারেনি। তাঁর বিশ্বাস, রিভিউ আবেদনে বিষয়গুলো আদালত বিবেচনা করে তাঁর দণ্ড মওকুফ করবেন। অভিযোগ থেকে খালাস দেবেন।
রিভিউ আবেদন কবে করা হবে, জানতে চাইলে শিশির মনির বলেন, সুনির্দিষ্ট সময়ের মধ্যেই রিভিউ আবেদন করবেন। আদালত আগামী ১ নভেম্বর খুলবে। এর আগে কোনো সুযোগ নাই।

মুজাহিদের ছেলে আলী আহম্মেদ মাবরুর মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আইনজীবীদের সঙ্গে পরামর্শের পর তাঁরা মুজাহিদের সঙ্গে দেখা করবেন।

মুজাহিদের সঙ্গে পাঁচজন আইনজীবী সাক্ষাৎ করেন। তাঁরা হলেন শিশির মনির, নজরুল ইসলাম, মশিউল আলম, মতিউর রহমান আকন্দ ও গাজী তামিম।

মুজাহিদ এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর আপিল মামলার পূর্ণাঙ্গ রায় গত বুধবার প্রকাশিত হয়। ওই দিন রাত আটটার দিকে আপিল বিভাগের এ দুটি পূর্ণাঙ্গ রায় সুপ্রিম কোর্ট থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পৌঁছায়। ট্রাইব্যুনালের তিন বিচারপতি বৃহস্পতিবার সাকা চৌধুরী ও মুজাহিদের মৃত্যু পরোয়ানায় সই করেন। বিকেলেই মৃত্যু পরোয়ানা কারাগারে পাঠানো হয়।