রায় পুনর্বিবেচনার আবেদন করবেন সাকা চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর সঙ্গে গতকাল মঙ্গলবার বিকেলে কারাগারে সাক্ষাৎ করেছেন তাঁর আইনজীবী মো. হুজ্জাতুল ইসলাম খান আল ফেসানী। আইনজীবী বলেছেন, সাক্ষাৎকালে সাকা চৌধুরী তাঁকে রায়ের বিরুদ্ধে পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করবেন বলে জানিয়েছেন।

সাকা চৌধুরী গাজীপুরের কাশিমপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার-১-এ বন্দী রয়েছেন। সাক্ষাৎ শেষে আইনজীবী হুজ্জাতুল ইসলাম সাংবাদিকদের বলেন, প্রায় আধা ঘণ্টা তিনি সালাউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে কথা বলেন। এ সময় পুনর্বিবেচনার আবেদনের বিষয়ে আলোচনা হয়। তিনি পুনর্বিবেচনার আবেদনের ব্যাপারে বিভিন্ন নির্দেশনা দেন।

আইনজীবী বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যেই পুনর্বিবেচনার আবেদন করা হবে। তিনি বলেন, গত সোমবার সাকা চৌধুরীর পরিবারের সদস্যদের সঙ্গে পুনর্বিবেচনার আবেদন নিয়ে তিনি কথা বলেন। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তিনি গতকাল কাশিমপুরে কারাগারে গিয়ে সাকা চৌধুরীর সঙ্গে কথা বলেন।

কারাগারের তত্ত্বাবধায়ক সুব্রত কুমার বালা বলেন, সাকা চৌধুরী ঢাকা কেন্দ্রীয় কারাগার-১-এ ফাঁসির সেলে বন্দী রয়েছেন। গতকাল বেলা আড়াইটার দিকে আইনজীবী তাঁর সঙ্গে সাক্ষাতের আবেদন করেন। পরে কারাগারে জেলারের কক্ষের পাশে ডিভিশন বন্দীদের সাক্ষাৎকার কক্ষে সাকা চৌধুরীকে তাঁর আইনজীবীর সঙ্গে একান্তে কথা বলার ব্যবস্থা করা হয়।