রায় পুনর্বিবেচনার আবেদন করেছেন সাকা ও মুজাহিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াতে ইসলামীর নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করেছেন। গতকাল বুধবার তাঁদের আইনজীবীরা সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করেন।
এ আবেদনের ওপর শুনানির তারিখ নির্ধারণের জন্য রাষ্ট্রপক্ষ দু-এক দিনের মধ্যে আবেদন করবে বলে সাংবাদিকদের জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি বলেন, ‘মঙ্গলবার চেম্বার বিচারপতি বসবেন। সম্ভবত সেদিন তিনি এ ব্যাপারে আদেশ দেবেন আশা করি।’
রায় পুনর্বিবেচনার আবেদনের জন্য নির্ধারিত ১৫ দিন সময় শেষ হওয়ার আগের দিন গতকাল মুজাহিদের আইনজীবী শিশির মনির ও সাকা চৌধুরীর আইনজীবী হুজ্জাতুল ইসলাম খান এ আবেদন করেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল রেখে আপিল বিভাগের
পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় গত ৩০ সেপ্টেম্বর। পরদিন এই দুজনের বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেদিনই তাঁদের মৃত্যু পরোয়ানা পড়ে শোনায় কারা কর্তৃপক্ষ। সাকা চৌধুরী কাশিমপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার-১-এ এবং মুজাহিদ ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।
রায় পুনর্বিবেচনার জন্য সাকা চৌধুরীর ১০৮ পৃষ্ঠার আবেদনে মূলত ১০টি এবং মুজাহিদের ১৩৮ পৃষ্ঠার আবেদনে ৩২টি যুক্তি তুলে ধরে দণ্ডাদেশ বাতিল চাওয়া হয়েছে।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, ফৌজদারি মামলায় রায় পুনর্বিবেচনার সুযোগ খুব কম। সাধারণত দৃশ্যমান কোনো আইনগত ত্রুটির ক্ষেত্রেই রায় পুনর্বিবেচনার আবেদন আমলে নেওয়া হয়। তা ছাড়া রায় পুনর্বিবেচনার সুযোগ খুব কম। তিনি বলেন, ‘আমরা আশা করি, দেশের সর্বোচ্চ আদালত এই দুই আসামির ফাঁসির যে দণ্ডাদেশ দিয়েছেন, তা বহাল থাকবে।’
তবে সাকা চৌধুরী ও মুজাহিদের অন্যতম জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, ‘আমরা আশা করি, রায় পুনর্বিবেচনার আবেদনে যেসব যুক্তি ও সাক্ষ্য-প্রমাণ তুলে ধরা হয়েছে, তা পর্যালোচনা করে সর্বোচ্চ আদালত দণ্ডাদেশ বাতিল করবেন।’ মুজাহিদের আবেদন প্রসঙ্গে তিনি বলেন, ‘অন্যান্য মানবতাবিরোধী অপরাধের মামলায় আমরা দেখেছি, হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি আসামি জড়িত। কিন্তু মুজাহিদের মামলার ক্ষেত্রে দেখা গেছে, তিনি অন্যের দোষে দোষী। তিনি প্রত্যক্ষভাবে কোনো হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন, কিংবা অন্য হত্যা, গুম, খুন, ধর্ষণ ও অপহরণের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত এমন ধরনের কোনো সাক্ষ্য-প্রমাণ নেই।’
খন্দকার মাহবুব বলেন, মুজাহিদ বদর বাহিনীর কমান্ডার ছিলেন না—এমন যুক্তি রায় পুনর্বিবেচনার আবেদনে তথ্য-প্রমাণসহ তুলে ধরা হয়েছে।
সাকা চৌধুরীর আবেদন প্রসঙ্গে খন্দকার মাহবুব বলেন, ‘সালাউদ্দিন কাদের চৌধুরী কে? তিনি ফজলুল কাদের চৌধুরীর ছেলে, যিনি অ্যাক্টিং রাষ্ট্রপতি ছিলেন, স্পিকার ছিলেন। তাঁর ছেলে ওই সময় (মুক্তিযুদ্ধের) আইএ পড়তেন। তিনি অন্তত লিবারেশন ওয়ারের সময় (মুক্তিযুদ্ধের সময়) চট্টগ্রামে ছিলেন না। ওই সময় তিনি পাকিস্তানের পাঞ্জাব ইউনিভার্সিটিতে লেখাপড়া করছিলেন। ঘটনার সময় তিনি বাংলাদেশে ছিলেন না। এ ব্যাপারে আমরা সাক্ষ্য-প্রমাণ এফিডেভিট ফরম আকারে দিয়েছিলাম। আমরা নতুনভাবে দেখাব যে সাক্ষ্য-প্রমাণ সঠিকভাবে পর্যালোচনা করা হয়নি।’
মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালের ১ অক্টোবর সাকা চৌধুরীকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ওই রায়ের বিরুদ্ধে ও খালাস চেয়ে আপিল করেন তিনি। আপিলেও তাঁর সাজা বহাল থাকে।
মুজাহিদকে ২০১৩ সালের ১৭ জুলাই মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এর বিরুদ্ধে ও খালাস চেয়ে মুজাহিদ আপিল করেন। আপিলেও তাঁর সাজা বহাল থাকে।
সাক্ষ্য দিতে চান পাঁচ পাকিস্তানি: এদিকে আল-জাজিরা জানায়, সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে সাক্ষ্য দিতে চান পাকিস্তানের পাঁচ নাগরিক। এ বিষয়ে সুযোগ করে দিতে বাংলাদেশের আদালতের প্রতি অনুরোধ করেছেন তাঁরা। এই পাঁচজন হলেন ২০০৭ সালে পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকারী মোহাম্মদ মিঞা সুমরো, সাবেক ক্যাবিনেট মন্ত্রী ইসহাক খান খাকওয়ানি, ডন মিডিয়া গ্রুপের চেয়ারপারসন আম্বার হারুন সাইগাল এবং দুজন ব্যবসায়ী।