রায় পুনর্বিবেচনার আবেদন খারিজে আনন্দ উল্লাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দেওয়ায় গতকাল বুধবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মানুষ আনন্দ উল্লাস করেছে। এদিকে নাশকতার আশঙ্কায় টুঙ্গিপাড়ায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। টুঙ্গিপাড়ার প্রবেশমুখসহ দুটি স্থানে পুলিশ তল্লাশি চৌকি বসিয়ে যানবাহন ও যাত্রীদের শরীর তল্লাশি করছে। বঙ্গবন্ধুর সমাধিসৌধেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রায় পুনর্বিবেচনার আবেদন খারিজের খবর গতকাল বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হওয়ার পরপর টুঙ্গিপাড়ায় বহু মানুষ রাস্তায় নেমে আসে। বিভিন্ন স্কুল ও কলেজ ছুটি হলে বই-খাতা হাতে শিক্ষার্থীরাও রাস্তায় নেমে আসে। তারা উল্লাস প্রকাশ করতে করতে বঙ্গবন্ধুর সমাধিসৌধ চত্বরে গিয়ে জড়ো হয়। স্থানীয় আওয়ামী লীগের কার্যালয় থেকে দলের নেতা-কর্মীরা মিছিল করে বঙ্গবন্ধুর সমাধিসৌধে যান। উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ. হালিম শেখসহ শতাধিক নেতা-কর্মী বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। তাঁরা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন। উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস বলেন, শুধু এই পাঁচজনের মৃত্যুদণ্ড কার্যকর হলে চলবে না। টুঙ্গিপাড়ার মানুষ চায়, যারা পালিয়ে আছে তাদেরও দেশে এনে দ্রুত বিচারের রায় কার্যকর করা হোক।