মুজাহিদের সঙ্গে পাঁচ আইনজীবীর কারাগারে সাক্ষাৎ
রায় পুনর্বিবেচনার আবেদনের প্রস্তুতি নিয়ে আলোচনা
মুক্তিযুদ্ধকালে বুদ্ধিজীবী হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ও আলবদর বাহিনীর অন্যতম নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের সঙ্গে তাঁর পাঁচ আইনজীবী কারাগারে দেখা করেছেন। রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের প্রস্তুতি নিয়ে তাঁরা আলোচনা করেছেন বলে জানিয়েছেন।
সূত্র জানায়, গতকাল বেলা ১১টার কিছু পর মুজাহিদের পাঁচ আইনজীবী কারাগারে আসেন। তাঁরা হলেন শিশির মনির, মশিউল আলম, কামাল উদ্দিন, নজিবুর রহমান ও মতিউর রহমান আকন্দ। সাক্ষাৎ শেষে দুপুর ১২টার দিকে তাঁরা বেরিয়ে যান।
পরে কারাফটকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিশির মনির। তিনি বলেন, যে অভিযোগে দেশের সর্বোচ্চ আদালত মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন, সেই অভিযোগ অনুসারে কাকে, কোথায়, কখন, কীভাবে হত্যার জন্য তাঁকে এই সাজা দেওয়া হয়েছে, তা তাঁদের বোধগম্য নয়। তিনি জানান, আপিলের পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি হাতে পেলে তা বিশ্লেষণ করতে আইনজীবীদের পরামর্শ দিয়েছেন মুজাহিদ। জামায়াতের সেক্রেটারি জেনারেল তাঁর আইনজীবীদের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করতে প্রস্তুতি নিতে বলেছেন। পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি পাওয়ার ১৫ দিনের মধ্যে রায় পুনর্বিবেচনার আবেদন করা হবে। মুজাহিদের উদ্ধৃতির বরাত দিয়ে শিশির মনির আরও বলেন, ‘উনি বলেছেন, তিনি আদালতের প্রতি শ্রদ্ধাশীল। ভবিষ্যতেও শ্রদ্ধাশীল থাকবেন। তাঁর বিশ্বাস রিভিউয়ে খালাস পাবেন।’
মুক্তিযুদ্ধে বিজয়ের আগমুহূর্তে বাঙালি জাতিকে মেধাশূন্য করার নীলনকশা হাতে নিয়ে বুদ্ধিজীবী নিধনযজ্ঞ চালিয়েছিল পাকিস্তানি সেনা ও গুপ্তঘাতক আলবদর বাহিনী। স্বাধীনতার ৪৪ বছর পর বুদ্ধিজীবী হত্যার দায়ে সেই আলবদর বাহিনীর অন্যতম নেতা মুজাহিদের ফাঁসির সাজা বহাল রেখে রায় দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। গত মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ওই রায় দেন।
বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সমাজকল্যাণমন্ত্রী মুজাহিদকে ২০১৩ সালের ১৭ জুলাই বুদ্ধিজীবী হত্যার দায়ে সর্বোচ্চ সাজা দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। খালাস চেয়ে ট্রাইব্যুনালের ওই রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন তিনি। কিন্তু বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের দায়ে আপিলেও তাঁর সর্বোচ্চ সাজা বহাল থাকে।
নিয়ম অনুসারে, পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি পাওয়ার ১৫ দিনের মধ্যে পুনর্বিবেচনার আবেদন করতে পারবেন মুজাহিদ। এতেও যদি দণ্ড বহাল থাকে, তাহলে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার সুযোগ পাবেন তিনি।