রায় পেছাল, শুনানি ২৮ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারীর সংসদ সদস্য পদে থাকার বৈধতা নিয়ে করা রিট আবেদনের ওপর গতকাল মঙ্গলবার রায় হয়নি। এদিন পক্ষগুলোকে কয়েকটি বিষয়ে আইনগত ব্যাখ্যা জানাতে এবং এ বিষয়ে অধিকতর শুনানির জন্য ২৮ নভেম্বর পরবর্তী দিন ধার্য করেছেন হাইকোর্ট।
বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি এফ আর এম নাজমুল আহসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার এ দিন ধার্য করেন।
‘সাজা কম খেটেই বেরিয়ে যান সাংসদ’ শিরোনামে ২০১৪ সালের ১০ মে প্রথম আলোতে প্রতিবেদন ছাপা হয়। এই প্রতিবেদন যুক্ত করে নিজাম হাজারীর সংসদ সদস্য পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন ফেনী জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন ভূঁইয়া। ওই বছরের ৮ জুন প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুল দেন। ফেনী-২ আসনের সংসদ সদস্য হিসেবে নিজাম উদ্দিন হাজারী কোন কর্তৃত্ববলে পদে আছেন এবং ওই আসনটি কেন শূন্য ঘোষণা করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়৷ একই সঙ্গে নিজাম হাজারীর কারাবাস-সংক্রান্ত প্রতিবেদন ও নথি তলব করেন।
রুলের ওপর চলতি বছর শুনানি শুরু হয়। এরপর ৩০ আগস্ট আদালত রায় ঘোষণা শুরু করেন। পরদিন আদালত বলেন, কিছু তথ্যের বিষয়ে স্পষ্টতা প্রয়োজন। সেদিন আদালত রায় ঘোষণা স্থগিত করে নিজাম হাজারী কারাগারে থাকা অবস্থায় কতবার রক্তদান করেছেন এবং এ জন্য তিনি কত দিন রেয়াত পেয়েছেন তা জানিয়ে কারা কর্তৃপক্ষকে প্রতিবেদন দিতে নির্দেশ দেন। কারা কর্তৃপক্ষের প্রতিবেদনের ওপর ১৪ নভেম্বর শুনানির পর আদালত ২২ নভেম্বর রায়ের জন্য রাখেন।