জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর দেওয়া রায় প্রত্যাখ্যান করে দেশের বিভিন্ন স্থানে গতকাল সোমবার মিছিল করেছে গণজাগরণ মঞ্চ ও বিভিন্ন সংগঠন। গতকাল ওই আদালত গোলাম আযমকে ৯০ বছরের কারাদণ্ড দেন।ঢাকার বাইরে আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:সিলেট: রায় ঘোষণার পর তাৎক্ষণিকভাবে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হয়ে ওই রায় প্রত্যাখ্যান করে মিছিল করে গণজাগরণ মঞ্চ। পরে শহীদ মিনারে গিয়ে সমবেত হন গণজাগরণ মঞ্চের কর্মীরা। এ সময় তাঁরা গোলাম আযমের ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মানি না, মানব না বলে স্লোগান দেন। মৌলভীবাজার: রায় ঘোষণার পরই গোলাম আযমের ফাঁসির দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ করেছে গণজাগরণ মঞ্চ। পৌরসভার সামনের মেয়র চত্বর থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে শহরের চৌমোহনা চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন গণজাগরণ মঞ্চ মৌলভীবাজারের সমন্বয়ক নাসির জামান। ময়মনসিংহ: রায় প্রত্যাখ্যান করে গণজাগরণ মঞ্চ ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ময়মনসিংহ শাখা বিক্ষোভ মিছিল করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে তারা শহরের গাঙ্গিনারপাড় মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে বক্তারা বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে ময়মনসিংহবাসী ও দেশবাসী প্রত্যাখ্যান করেছে। আপিলের মাধ্যমে পুনরায় রায় ঘোষণার করতে হবে। পাশাপাশি জামায়াত-শিবিরের রাজনীতি আইন করে বন্ধেরও দাবি জানান বক্তারা।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: রায় প্রত্যাখ্যান করে গোলাম আযমের ফাঁসির দাবিতে গতকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রফ্রন্ট, ছাত্র ইউনিয়ন ও জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট। বেলা দুইটায় ক্যাম্পাসের বটতলা থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে পরিবহন চত্বরে মিছিলটি শেষ হয়। এ ছাড়া একই দাবিতে তারা আজ মঙ্গলবার বিক্ষোভ মিছিল করবে। গোপালগঞ্জ: রায় প্রত্যাখ্যান করে মানববন্ধন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সরকারি বঙ্গবন্ধু কলেজের শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ। গতকাল বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনের রাস্তায় ওই কর্মসূচি পালন করা হয়। এ সময় বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন হানিফ সিদ্দিকী, সরকারি বঙ্গবন্ধু কলেজের সাবেক ভিপি নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।