রায় প্রত্যাখ্যান করে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর দেওয়া রায় প্রত্যাখ্যান করে দেশের বিভিন্ন স্থানে গতকাল সোমবার মিছিল করেছে গণজাগরণ মঞ্চ ও বিভিন্ন সংগঠন। গতকাল ওই আদালত গোলাম আযমকে ৯০ বছরের কারাদণ্ড দেন।ঢাকার বাইরে আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:সিলেট: কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হয়ে মিছিল করে গণজাগরণ মঞ্চ। পরে শহীদ মিনারে গিয়ে সমবেত হন গণজাগরণ মঞ্চের কর্মীরা। এ সময় তাঁরা গোলাম আযমের ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মানি না, মানব না বলে স্লোগান দেন। মৌলভীবাজার: পৌরসভার সামনের মেয়র চত্বর থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।ময়মনসিংহ: রায় প্রত্যাখ্যান করে গণজাগরণ মঞ্চ ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ময়মনসিংহ শাখা বিক্ষোভ মিছিল করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: গোলাম আযমের ফাঁসির দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রফ্রন্ট, ছাত্র ইউনিয়ন ও জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট। এ ছাড়া একই দাবিতে তারা আজ মঙ্গলবার বিক্ষোভ মিছিল করবে।