রায় প্রত্যাখ্যান করে রোববার হরতাল ডেকেছে জামায়াত
আগামী রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান গতকাল বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা দেন।একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে জামায়াত এ কর্মসূচি দিয়েছে।রায় প্রত্যাখ্যান করে জামায়াতের বিবৃতিতে দাবি করা হয়, সরকার কামারুজ্জামানকে হত্যার উদ্দেশ্যে বিচারের নামে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির আদেশ দেওয়ার সরকারি চক্রান্ত বাস্তবায়ন করেছে। এটি একটি ন্যায়ভ্রষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত রায়। এ রায়ে আন্তর্জাতিক আইন ও বিচারের মূলনীতি সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয়েছে। বিবৃতিতে রাষ্ট্রপক্ষের অভিযোগের কথা উল্লেখ করে বলা হয়, ১৯৭১ সালে কামারুজ্জামান ছিলেন ১৯ বছরের একজন তরুণ। একজন তরুণ পাকিস্তান আর্মি অফিসারদের নিয়ন্ত্রণ করতেন এবং নির্দেশ দিতেন বলে আনা অভিযোগ হাস্যকর ঘটনা ছাড়া আর কিছু নয়। নুরেমবার্গ থেকে শুরু করে পরবর্তী সাতটি প্রধান যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের কোথাও এ ধরনের একজন তরুণের কাঁধে অপরাধের দায় চাপানো হয়নি।জামায়েতের দাবি, কামারুজ্জামানের বিরুদ্ধে আনীত অভিযোগগুলোর অধিকাংশই শোনা সাক্ষীর ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে। অনেক সাক্ষী স্ববিরোধী বক্তব্য দিয়েছেন। সাক্ষীদের অনেকেই ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণিত হয়েছেন। এর পরও আদালত শোনা সাক্ষীর ওপর ভিত্তি করে সর্বোচ্চ শাস্তি প্রদান করে তাঁর ওপর চরম অবিচার করেছেন। এ মামলায় সরকারপক্ষের ১৮ জনকে সাক্ষ্য দেওয়ার অনুমতি দেওয়া হলেও আসামিপক্ষের সাক্ষীসংখ্যা পাঁচজনে বেঁধে দেওয়া হয়।