রায় প্রস্তুত হয়নি, নতুন তারিখ ২৩ জুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রমনা বটমূলে বোমা হামলার ঘটনায় করা হত্যা মামলার রায় ঘোষণার কথা ছিল গতকাল৷ এ জন্য কারাগার থেকে নয়জন আসামিকে আদালতে হাজির করা হয় l ছবি: প্রথম আলো
রমনা বটমূলে বোমা হামলার ঘটনায় করা হত্যা মামলার রায় ঘোষণার কথা ছিল গতকাল৷ এ জন্য কারাগার থেকে নয়জন আসামিকে আদালতে হাজির করা হয় l ছবি: প্রথম আলো

রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় করা হত্যা মামলার রায় ঘোষণার তারিখ পিছিয়ে ২৩ জুন ধার্য করা হয়েছে। গতকাল সোমবার এই রায় ঘোষণার দিন ধার্য ছিল। রায় লেখা সম্পূর্ণ না হওয়ায় ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রুহুল আমিন এই তারিখ নির্ধারণ করেন৷
রায় ঘোষণার দিন ধার্য থাকায় গতকাল এই মামলায় কারাগারে আটক হরকাতুল জিহাদের (হুজি) নেতা মুফতি আবদুল হান্নানসহ নয়জন আসামিকে আদালতে হাজির করা হয়। বেলা পৌনে ১২টার দিকে মামলার নথি উপস্থাপন করা হলে বিচারক রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীদের উদ্দেশে বলেন, আজ (সোমবার) রায় ঘোষণা করা সম্ভব হচ্ছে না। এ জন্য পরবর্তী তারিখ ধার্য করা হলো।
এরপর মুফতি হান্নানসহ নয় আসামিকে প্রিজন ভ্যানে করে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়৷ এ মামলায় রাষ্ট্রপক্ষের

কৌঁসুলি এস এম জাহিদ সরদার বলেন, এটি স্পর্শকাতর মামলা৷ রায় প্রস্তুত না হওয়ায় বিচারক পরবর্তী তারিখ ধার্য করেছেন৷

২০০১ সালের ১৪ এপ্রিল পয়লা বৈশাখে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলায় ১০ জন নিহত ও অনেকে আহত হন৷ এ ঘটনায় রমনা থানায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা করা হয়৷ ২০০৮ সালের ২৯ নভেম্বর হত্যা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে হুজি নেতা মুফতি হান্নানসহ ১৪ জনের বিরুদ্ধে দুটি অভিযোগপত্র দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)৷ পরের বছরের ১৬ এপ্রিল হত্যা মামলায় মুফতি হান্নান ও চারদলীয় জোট সরকারের উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর ভাই মাওলানা তাজউদ্দিনসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত৷ গত বছরের ২৩ অক্টোবর হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষ হয়। তবে বিস্ফোরক দ্রব্য আইনের মামলাটির কার্যক্রম ২০০৯ সাল থেকে থেমে আছে৷ মামলাটি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এ বিচারাধীন৷
আসামিদের মধ্যে কারাগারে আটক অপর আটজন হলেন আরিফ হাসান, শাহাদত উল্লাহ, হাফেজ আবু তাহের, আবদুর রউফ, আবদুল হান্নান সাব্বির, শওকত ওসমান, ইয়াহিয়া ও আকবর হোসাইন৷ তাজউদ্দিনসহ পাঁচজন পলাতক রয়েছেন৷