রায় ফাঁস বিচার-প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর মৃত্যুদণ্ডাদেশের রায় প্রকাশের আগে ফাঁস হয়ে যাওয়ার ঘটনা বিচার-প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করবে না। গতকাল শনিবার বিবিসি বাংলাদেশ সংলাপের দুই নির্ধারিত আলোচক ও বেশির ভাগ দর্শক এ মত দেন।
নির্ধারিত আলোচনায় আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, রায় ফাঁস হওয়ার ঘটনার তদন্ত চলছে। তবে এভাবে রায় ফাঁস হওয়া উচিত হয়নি। এ বিষয়ে ট্রাইব্যুনালের আরও সতর্ক হওয়া উচিত ছিল।
সাংবাদিক জুলফিকার আলী বলেন, রায় ফাঁস হওয়ার ঘটনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রশাসনিক দুর্বলতা বলা যেতে পারে।
তবে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘অভিযোগ উঠেছে, এ রায় আইন মন্ত্রণালয় থেকে ফাঁস হয়েছে, রায় লেখা হয়েছে বাইরে থেকে। সে জন্য এ রায় নিয়ে প্রশ্ন উঠেছে।’
বিএনপি ক্ষমতায় গেলে বিচার-প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিচার করা হবে—মাহবুব হোসেনের এ বক্তব্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি বলতে চেয়েছি, বিচারকেরা বিচার-প্রক্রিয়ার অংশ নন, তাঁরা নিরপেক্ষ। রাষ্ট্রপক্ষের আইনজীবী (প্রসিকিউটর), তদন্ত কর্মকর্তা, সাক্ষীসহ অন্য যাঁরা জড়িত আছেন, তাঁরা যদি কোনো ধরনের প্রহসনের আশ্রয় নিয়ে থাকেন, তবে তাঁদের বিচার হবে।’
মিলনায়তনে উপস্থিত বেশির ভাগ দর্শক মনে করেন, বিএনপি ক্ষমতায় গেলে মানবতাবিরোধী অপরাধের বিচারকাজ বন্ধ হয়ে যাবে। এ বিষয়ে এক দর্শকের এ প্রশ্নের জবাবে মাহবুব হোসেন বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার হবে। তবে বিএনপি কী করবে, তা আমি জানি না।’
অধ্যাপক আমেনা মোহসীন বলেন, দেশের মানুষ যুদ্ধাপরাধীদের বিচার চায়। বিএনপিকে এ দেশে রাজনীতি করতে হলে এ বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করতে হবে। তবে কামরুল ইসলাম ও জুলফিকার আলী বলেন, বিএনপি ক্ষমতায় গিয়ে যুদ্ধাপরাধীদের বিচারকাজ অব্যাহত রাখবে না।
নির্বাচনকালীন সরকারের পদ্ধতি সম্পর্কে আমেনা মোহসীন বলেন, বিদ্যমান আইনে অন্তর্বর্তী সরকার গঠন করে নির্বাচন করা সম্ভব। তবে তার আগে সরকার প্রধানের ক্ষমতাকে সংজ্ঞায়িত করার দরকার আছে।