রায় বা আদেশে অহেতুক বিলম্ব নয়: রাষ্ট্রপতি

মামলার রায় দিতে দেরি না করতে বিচার বিভাগকে তাগিদ দিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, রায় বা আদেশ প্রদানের ক্ষেত্রে অহেতুক বিলম্ব কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
জাতীয় বিচার বিভাগীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি গতকাল শনিবার এ কথা বলেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, ‘একটি দরখাস্তের শুনানি সমাপ্ত হবার পর বা মোকদ্দমার যুক্তিতর্ক শুনানির পর আদেশ লাভে বা রায় প্রকাশিত হতে যাতে বিলম্ব না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। এতে বিচার বিভাগের প্রতি যেমন জনগণের আস্থা বৃদ্ধি পাবে, তেমনি আপনারাও বিবেকের নিকট স্বচ্ছ থাকবেন।’
সম্মেলনে রাষ্ট্রপতি দেশের বিচারক ও মামলার সংখ্যায় ভারসাম্য আনার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, ‘আমাদের বিচারব্যবস্থার অন্যতম সমস্যা বিচারে বিলম্ব এবং মোকদ্দমার জট। এ বিলম্বের কারণ বহুবিধ। বিচারকার্যে কাঙ্ক্ষিত গতি আনয়নের জন্য পর্যাপ্ত বিচারকক্ষ, বিচারকের শূন্য পদে নিয়োগ এবং বিচারক ও মোকদ্দমার সংখ্যায় যুক্তিসংগত ভারসাম্য রক্ষা করা আবশ্যক।’
আদালতকে মানুষের শেষ ভরসাস্থল উল্লেখ করে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, ‘ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য যুক্তিসংগত সময়ের মধ্যে মামলার নিষ্পত্তি অপরিহার্য। আর ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সব ধরনের ভীতি ও প্রীতির ঊর্ধ্বে থেকে এবং সর্বোচ্চ নিষ্ঠা ও সততা বজায় রেখে বিচারকগণ পক্ষপাতহীনভাবে বিচারকার্য পরিচালনা করবেন, এটাই সবার কাছে প্রত্যাশিত।’
মামলা পরিচালনায় আইনজীবীদের ভূমিকা সবচেয়ে বেশি উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, অহেতুক দেরি বা অত্যধিক আর্থিক চাপের কারণে বিচার কার্যক্রম যাতে বাধাগ্রস্ত না হয় এবং বিচারপ্রার্থীরা যাতে ন্যায়বিচার পায়, সেদিকে খেয়াল রাখতে হবে।
অনুষ্ঠানে ২০০৫ সালের ১৪ নভেম্বর বোমা হামলায় নিহত ঝালকাঠি জেলা জজ ও দায়রা আদালতের সিনিয়র সহকারী জজ জগন্নাথ পাঁড়ে এবং মো. সোহেল আহমেদের পরিবারকে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে অনুদান দেওয়া হয়। রাষ্ট্রপতি ওই দুই বিচারকের স্ত্রীর হাতে পারিবারিক সঞ্চয়পত্র তুলে দেন।
বিচার বিভাগীয় সম্মেলনে সভাপতিত্ব করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তিনি বলেন, দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে বিচার বিভাগ রাষ্ট্রের অন্য যেকোনো বিভাগের চেয়ে অগ্রগণ্য ভূমিকা পালন করে আসছে।
প্রধান বিচারপতি বলেন, প্রায়ই সরকার নতুন আইন করে বিভিন্ন ধরনের ট্রাইব্যুনাল তৈরি করছে। কিন্তু এসব ট্রাইব্যুনালের জন্য পরিকাঠামো তৈরি করা হচ্ছে না। এ কারণে দ্রুত বিচার সম্ভব হচ্ছে না। এ ক্ষেত্রে সুপ্রিম কোর্টের পরামর্শ নেওয়া উচিত ছিল।
আইনমন্ত্রী আনিসুল হক বলেন, সরকারের রূপকল্প-২০২১ সামনে রেখে বিচার বিভাগে ব্যাপক সংস্কারের কৌশল পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে সারা দেশে ২১৪ টি সহকারী জজ ও ৩৪৬ টি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, ৪১ জন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, ১৯টি পরিবেশ আদালত ও ৬টি পরিবেশ আপিল আদালত ও সহায়ক কর্মচারী তৈরির পদের প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তিনি বলেন, জাতীয় বেতনস্কেলের সঙ্গে সমন্বয় করে খুব শিগগির বিচারকদের বেতন ভাতা বাড়ানো হবে।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম, প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের সদস্য জ্যেষ্ঠ জেলা জজ মো. গোলাম মর্তুজা মজুমদার। অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিব, দেশের অধস্তন আদালতের বিচার বিভাগীয় কর্মকর্তা প্রমুখ অংশ নেন।