বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দণ্ডাদেশের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন যুবদলের নেতা-কর্মীরা। গতকাল সোমবার সকালে ও বিকেলে নাসিমন ভবনে সংগঠনের দলীয় কার্যালয়ের সামনে পৃথকভাবে এসব কর্মসূচি পালন করা হয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকেলে চট্টগ্রাম মহানগর ও দক্ষিণ জেলা যুবদলের যৌথ উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি আয়োজন করা হয়। সমাবেশে বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন দাবি করেন, রাষ্ট্র পরিচালনায় সরকারের িভত দুর্বল হওয়ার কারণে দেশে জঙ্গিবাদের উত্থান হচ্ছে। গণতন্ত্রের অভাবে রাষ্ট্র এবং সমাজে অস্থিরতা ছড়িয়ে পড়ছে। জঙ্গি দমনের অজুহাতে বিরোধী দলের নেতা-কর্মীদের হয়রানি করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি কাজী বেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন দীপ্তির সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি ইফতেখার হোসেন চৌধুরী, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি বদরুল খায়ের চৌধুরী, সাধারণ সম্পাদক মো. শাহজাহান প্রমুখ।
এর আগে সকালে মহানগর যুবদলের জ্যেষ্ঠ সম্পাদক মো. শাহেদের নেতৃত্বে নগর যুবদলের একাংশ নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে বক্তব্য দেন চাঁন্দগাও থানা যুবদলের আহ্বায়ক জাফর আহমদ, নগর যুবদলের নেতা এম এ মনসুর, এম এ শাকি প্রমুখ।