রায় মানতে সরকার বাধ্য নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় মানতে সরকার ও জনগণ বাধ্য নয় বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী। তাঁর মতে, এই রায়ের বক্তব্য আইনবহির্ভূত ও উদ্দেশ্যপ্রণোদিত।

গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত এই বিচারপতি এ কথা বলেন।

বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর দাবি, এই রায় প্রধান বিচারপতির লেখা নয়। ২৫ দিনের মধ্যে ৪০০ পৃষ্ঠার রায় লেখা অসম্ভব। অন্য কেউ লিখে দিয়েছেন। কেবল প্রধান বিচারপতির নামে ও বাংলাদেশের সুপ্রিম কোর্টের বরাতে প্রকাশ করা হয়েছে। তাই এ রায় মানতে সরকার ও জনগণ বাধ্য নয়।

সুপ্রিম কোর্টের সাবেক এই বিচারপতি বলেন, বর্তমান প্রধান বিচারপতি আদালতের ও বিচারকদের মর্যাদা ক্ষুণ্ন করেছেন। এটি ভবিষ্যতের জন্য মঙ্গলজনক নয়। বিচার বিভাগ নিয়ে বিতর্ক যেহেতু প্রধান বিচারপতি সৃষ্টি করেছেন, কাজেই এর অবসান প্রধান বিচারপতির পদত্যাগের মাধ্যমেই সম্ভব।

২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত লোকজনের স্মরণে এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ নামের একটি সংগঠন। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।