রায় শুনে বাবরের ক্ষোভ, বিচারককে অভিশাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১০ ট্রাক অস্ত্র মামলার রায় ঘোষণার পর কারাগারে নেওয়ার সময় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবর ছিলেন ক্ষুব্ধ। ছবি: সৌরভ দাশ
১০ ট্রাক অস্ত্র মামলার রায় ঘোষণার পর কারাগারে নেওয়ার সময় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবর ছিলেন ক্ষুব্ধ। ছবি: সৌরভ দাশ

‘এই বিচারে আমি ন্যায়বিচার পাইনি। এই বিচারকের পরও বিচারক আছেন। তিনি আল্লাহ। আখেরাতে আমি সেই বিচারকের কাছ থেকে ন্যায়বিচার পাব।’

চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবরকে ফাঁসির আদেশ দেওয়ায় পর প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
রায় শুনে আদালতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাতে থাকেন সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলতে থাকেন, ‘ন্যায়বিচার হয়নি।’

বাবর তাঁর প্রতিক্রিয়ায় বলেছেন, ‘কাউকে খুশি করার জন্য এ রায় দেওয়া হয়েছে। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি, এই বিচারক যিনি অন্যায়ভাবে রায় দিয়েছেন, তাঁরও যেন বিচার হয়। তাঁর সন্তানেরাও যেন এই অন্যায় বিচারের সাজা ভোগ করে।’

যারা অস্ত্র এনেছিলেন তাঁদের বিচার চেয়েছেন লুত্ফুজ্জামান বাবর। এ সময় তাঁর কাছে জানতে চাওয়া হয়, অস্ত্রগুলো কারা এনেছিল? এর জবাব তিনি এড়িয়ে যান। তিনি বলেন, ‘আমাকে অন্যায়ভাবে জড়ানো হয়েছে। এটি সাজানো রায়।’

চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবরসহ ১৪ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া অস্ত্র আটক মামলার দুটি ধারায় এই ১৪ জনকে যাবজ্জীবন ও সাত বছর কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক এস এম মজিবুর রহমান এ রায় ঘোষণা করেন। ঘটনার প্রায় পৌনে ১০ বছর পর চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণা করা হলো।