রায় হওয়া ১৬৮ মামলার আবার শুনানি হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সর্বোচ্চ আদালতে রায় ঘোষণার পর পূর্ণাঙ্গ রায় প্রকাশের অপেক্ষায় থাকা ১৬৮টি মামলার পুনঃশুনানি হবে। এগুলোর মধ্যে ১৬১টি মামলার রায় লেখার দায়িত্বে ছিলেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী। বাকি সাতটি মামলার রায় লেখার দায়িত্ব ছিল সাবেক প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কার্যালয় থেকে এসব তথ্য জানা গেছে। জানতে চাইলে প্রধান বিচারপতির একান্ত সচিব মো. আনিসুর রহমান গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর কাছে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
পরে সন্ধ্যায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখা যায়, আগামী ২ মে আপিল বিভাগের দুটি বেঞ্চের কার্যতালিকায় এসব মামলা পুনঃশুনানির জন্য রাখা হয়েছে। ১৬৮টি মামলার মধ্যে ১০৭টি মামলা শুনানির জন্য রাখা হয়েছে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের ১ নম্বর বেঞ্চে। বাকি ৬১টি মামলা আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন ২ নম্বর বেঞ্চে পুনঃশুনানির জন্য রাখা হয়েছে। এগুলোর বেশির ভাগ আপিলের অনুমতি চেয়ে আবেদন (লিভ টু আপিল)।
কেন এসব মামলার নতুন করে শুনানি হচ্ছে—রেজিস্ট্রারের কার্যালয় থেকে এ বিষয়ে স্পষ্ট কোনো জবাব পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, দায়িত্ব নেওয়ার এক বছর পূর্তিতে প্রধান বিচারপতি ‘অবসরের পর রায় লেখা সংবিধানপরিপন্থী’ বলে যে মন্তব্য করেছিলেন, পুনঃশুনানির সিদ্ধান্ত তাঁর ওই বক্তব্যের প্রতিফলন। এ ছাড়া গত জানুয়ারিতে সিলেট সফরে গিয়ে প্রধান বিচারপতি বলেছিলেন, অবসরের পর আর কোনো বিচারপতিকে রায় লিখতে দেওয়া হবে না। ওই সময় তিনি বলেছিলেন, ‘অবসরে যাওয়ার পর আমি কোনো পাবলিক ডকুমেন্টে হাত দিতে দেব না। অবসরে যাওয়ার পর বিচারকের রায় লেখার জন্য কেন ব্যক্তিগত ইন্টারেস্ট থাকবে? এটা কোর্ট দেখবে। এখানে একটা ভুল নীতি চলে আসছে। আমি এই ভুল করতে দেব না। আমাদের সংশোধন হতে হবে।’ রেজিস্ট্রারের কার্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো ধারণা করছে, এসবের পরিপ্রেক্ষিতেই ১৬৮টি মামলার পুনঃশুনানি করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি। তবে এখন আপিল বিভাগের রায় অনুসারে রায় ঘোষণার ছয় মাসের মধ্যে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করতে হবে।
জানতে চাইলে সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন প্রথম আলোকে বলেন, ‘১৬৮ তো বেশ বড় একটি সংখ্যা। আপাতদৃষ্টে মনে হচ্ছে এটা নজিরবিহীন হতে পারে, তবে বইপত্র না ঘেঁটে এ সম্পর্কে স্পষ্ট কিছু বলা যাবে না।’
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ এই আইনজীবী আরও বলেন, ন্যায়বিচারের স্বার্থে সর্বোচ্চ আদালত যেকোনো সিদ্ধান্ত নিতে পারেন। যদি আদালত মনে করেন, ন্যায়বিচারের জন্য পুনঃশুনানি করতে হবে, তাহলে অবশ্যই তাঁরা সেই সিদ্ধান্ত নিতে পারেন।
রেজিস্ট্রারের কার্যালয় সূত্র জানায়, গত বছরের অক্টোবরে অবসরে যাওয়ার পর বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর হাতে ১৬১টি মামলার রায় ও আদেশ লেখার জন্য ছিল। চলতি বছরের জানুয়ারিতে প্রধান বিচারপতি বলেন, অবসরের পর রায় লেখা সংবিধান পরিপন্থী। এ নিয়ে আইন অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়, প্রধান বিচারপতির মন্তব্যের পক্ষে-বিপক্ষে বিভিন্ন মতামত দেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। এরপর গত ৮ ফেব্রুয়ারি শামসুদ্দিন চৌধুরী সাংবাদিকদের জানান, তাঁর হাতে লেখা প্রায় ৬৫টি রায় ও আদেশসহ সংশ্লিষ্ট মামলার নথি গ্রহণ করেছেন আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ ইমান আলী। বাকি মামলাগুলোর রায় ও আদেশ তিনি শিগগির দিয়ে দেবেন।
কার্যতালিকায় ১৬১টি মামলা পুনঃশুনানিতে আসার বিষয়ে জানতে চাইলে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘প্রধান বিচারপতি এটা করতে পারেন না।’ এ বিষয়ে জানার জন্য চেষ্টা করেও সাবেক প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেনের সঙ্গে যোগাযোগ করা যায়নি।
এ প্রসঙ্গে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও আওয়ামী লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন গতকাল প্রথম আলোকে বলেন, ‘যদি আপিল বিভাগ শুধু মামলাগুলোর অবস্থা দেখার জন্য কার্যতালিকায় এনে থাকে, তাহলে এক কথা। কিন্তু যদি এগুলোর আবার পূর্ণাঙ্গ শুনানি হয়, তাহলে বিচারপ্রার্থী মানুষ হয়রানির শিকার হতে পারে বলে আমি মনে করি।’ নিজের বক্তব্যের সমর্থনে যুক্তি দেখিয়ে সুপ্রিম কোর্টের এই জ্যেষ্ঠ আইনজীবী বলেন, ‘ধরেন, কোনো বিচারপ্রার্থী তাঁর পক্ষে রায় পেয়েছেন। এখন যদি পুনঃশুনানির পর রায় তাঁর বিরুদ্ধে যায়, তাহলে তিনি নিজে যেমন বিভ্রান্ত হবেন, তেমনি এক ধরনের আইনগত জটিলতার সৃষ্টি হবে। আদালত খুললে এ বিষয়টি ভালোভাবে বোঝা যাবে।’
প্রসঙ্গত, অবকাশ শেষে ২ মে থেকে সুপ্রিম কোর্টের নিয়মিত কার্যক্রম শুরু হবে।