পঞ্চম সংশোধনী বাতিল করে দেওয়া সুপ্রিম কোর্টের রায় পাওয়ার পরই সংবিধান সংশোধনে প্রয়োজনীয় উদ্যোগ নেবে সরকার। তবে এ জন্য আইন কমিশনের পরামর্শ নেওয়া হবে। গতকাল সোমবার আইনমন্ত্রী শফিক আহমেদ নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।আইনমন্ত্রী বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করে সামরিক ফরমান দিয়ে মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক ১৯৭২ সালের সংবিধান পরিবর্তন করা হয়েছিল। পঞ্চম সংশোধনী দ্বারা অসাংবিধানিকভাবে সংবিধান পরিবর্তনকে বৈধতা দেওয়া হয়েছিল।এর আগে বাংলাদেশ ফাউন্ডেশন ফর ডেভেলপমেন্ট রিসার্চের পক্ষে ’৭২ এর হাতে লেখা সংবিধানের প্রতিলিপি মন্ত্রীকে দেওয়া হয়। সংগঠনের মহাপরিচালক মোনায়েম সরকার ও আগামী প্রকাশনীর স্বত্বাধিকারী ওসমান গনি এ সময় উপস্থিত ছিলেন।মূল সংবিধানে সমাজতন্ত্রের কথা লেখা আছে সংশোধন হলে কী হবে—এই প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশকে কল্যাণমুখী রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিলেন। যেখানে মানুষের মৌলিক চাহিদার বাস্তবায়ন হবে।অপর এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধের বিচার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এখানে বাইরের কোনো হস্তক্ষেপ নেই। যারা মানবতাবিরোধী কাজ করেছে তাদের বিচারের বিপক্ষে কেউ অবস্থান নেবে বলে মনে করেন না আইনমন্ত্রী।