রায় হয়, কার্যকর হয় না, জেলা প্রশাসন দায়ী?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর পাংশার মৈশালা গ্রামের পরিতোষ কুমার পাল ২০ শতক জমি কিনে বসতঘর করেন। কিন্তু বাংলাদেশ জরিপে (বিএস) ভুলবশত জমিটি অন্যের নামে রেকর্ড হয়। সংশোধন করতে ২০১৪ সালের শুরুর দিকে তিনি ভূমি জরিপ ট্রাইব্যুনালে মামলা করেন। এক বছর পর রায়ও পান। রায়ে ৩০ দিনের মধ্যে ওই ভুল সংশোধনের জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়।

পেশায় ব্যবসায়ী পরিতোষ প্রথম আলোকে বলেন, তিনি রায়ের পর ৪৪ দিন অপেক্ষা করেন। কিন্তু কোনো উদ্যোগ চোখে না পড়ায় এরপর তিনি সরাসরি জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে আবেদন করেন। কিন্তু আজ পর্যন্ত কোনো প্রতিকার পাননি।

রাজবাড়ীর ভূমি জরিপ ট্রাইব্যুনালে এমন ৪৬০টি মামলার নিষ্পত্তি হলেও তার একটিও আজ পর্যন্ত বাস্তবায়নের মুখ দেখেনি। ভুক্তভোগীরা বলছেন, জেলা প্রশাসনের গাফিলতি এ জন্য দায়ী।

জমিজমা নিয়ে সর্বশেষ জরিপের নাম বাংলাদেশ জরিপ, যা সংক্ষেপে বিএস নামে পরিচিত। বিএস খতিয়ানের বিভিন্ন অসংগতি সংশোধন করতে মামলা করা যায় একমাত্র ভূমি জরিপ ট্রাইব্যুনালে। ২০১২ সালের নভেম্বরে সারা দেশে এমন ৪১টি ট্রাইব্যুনাল গঠন করে সরকার। এর মধ্যে রাজবাড়ীর ট্রাইব্যুনালে বিচারক নিয়োগ দেওয়া হয় ২০১৫ সালের সেপ্টেম্বরে। সুনামগঞ্জের যুগ্ম জেলা জজ মো. মেহেদী হাসান তালুকদার এখানে নিয়োগ পান। তাঁর আগে এই ট্রাইব্যুনালে অতিরিক্ত দায়িত্ব পালন করেন রাজবাড়ীর একজন যুগ্ম জেলা জজ।

ট্রাইব্যুনাল সূত্র বলছে, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই ট্রাইব্যুনালে প্রায় ২ হাজার ১৩৫টি মামলা হয়েছে। এর মধ্যে প্রায় ৪৬০টি মামলার নিষ্পত্তি করেছেন ট্রাইব্যুনাল। কিন্তু আজ পর্যন্ত একটি মামলার রায়ও বাস্তবায়িত হয়নি।

পরিতোষের মামলায় আইনজীবী ছিলেন নারায়ণ চন্দ্র দত্ত। তিনি ট্রাইব্যুনালের রায় কার্যকর করতে জেলা প্রশাসন ব্যবস্থা না নেওয়ায় ২০১৫ সালের ১৩ অক্টোবর ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিক নথি তলবের মাধ্যমে ট্রাইব্যুনালের বিচারক এ বিষয়ে জেলা প্রশাসককে গত ২৬ ফেব্রুয়ারির মধ্যে লিখিতভাবে কারণ দর্শাতে বলেন।

আইনজীবী নারায়ণ চন্দ্র বলেন, ২৬ ফেব্রুয়ারি বিষয়টির লিখিত জবাব দিয়েছেন রাজবাড়ীর জেলা প্রশাসক। এতে তিনি বলেছেন, মামলাটির রায় বাস্তবায়নের জন্য তিনি পাংশা উপজেলার সহকারী কমিশনারকে (ভূমি) তাগিদ দিয়েছেন। কিন্তু এখানেই শেষ। আর কোনো অগ্রগতি নেই।

এর পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনালের বিচারক মেহেদী হাসান তালুকদার জেলা প্রশাসকের জবাবের নিষ্পত্তি না করেই আরেক নির্দেশ দিয়েছেন। এতে ২৭ মার্চের মধ্যে রায় বাস্তবায়ন করে এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। এখন ওই সময়ের মধ্যে জেলা প্রশাসন কী পদক্ষেপ নেয়, তা দেখার অপেক্ষায় রয়েছেন মামলার বাদী পরিতোষ ও আইনজীবী নারায়ণ চন্দ্র।

আইনজীবী নারায়ণ চন্দ্র বলেন, ‘আমি ট্রাইব্যুনালে এ পর্যন্ত ২৫-৩০টি মামলায় ডিক্রি পেয়েছি। নিয়মানুযায়ী, ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর ৩০ দিনের মধ্যে তা বাস্তবায়নের কথা। কিন্তু একটির রায়ও কার্যকর হয়নি। জেলা প্রশাসনের গাফিলতিই এ জন্য দায়ী।’

আইনজীবীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ট্রাইব্যুনালের রায় বাস্তবায়নে জেলা প্রশাসন মোটেও আন্তরিক নয়। তাদের অসহযোগিতার কারণে রায়-ডিক্রি বাস্তবায়ন থমকে আছে। এতে করে নিজেদের পক্ষে রায় পেলেও বাস্তবায়ন দেখতে পাচ্ছেন না ভুক্তভোগীরা।

তবে জেলা প্রশাসন বলছে, জমিসংক্রান্ত মামলার ক্ষেত্রে নানা জটিলতা থাকে। এ কারণে রায় মেনে খতিয়ান সংশোধন করতে সময় লাগছে বেশি।

পরিতোষের মামলার বিষয়ে রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আশরাফ হোসেন প্রথম আলোকে বলেন, আবেদনকারী ডিক্রিপ্রাপ্ত জমিটি কার দখলে আছে, তা স্পষ্ট করেননি। রেকর্ড সংশোধন করতে নির্ধারিত ফরমে আবেদন করতে হয়, তাও করেননি। এমন অনেক অসংগতি থাকায় আদালতের রায় মোতাবেক রেকর্ড সংশোধন করা সম্ভব হচ্ছে না।

ওই মামলায় সরকারপক্ষের আইনজীবী ছিলেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আনোয়ার হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, আদালতের রায় দ্রুত বাস্তবায়নের জন্য তিনি নিজের অবস্থান থেকে চেষ্টা চালাচ্ছেন। রায় বাস্তবায়নের জন্য তিনি প্রতিনিয়ত জেলা প্রশাসনের সংশ্লিষ্ট বিভাগকে তাগিদ দিচ্ছেন।