রায়কে ‘ন্যায়ভ্রষ্ট’ বলে প্রত্যাখ্যান জামায়াতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোলাম আযমের বিরুদ্ধে দেওয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় প্রত্যাখ্যান করেছে জামায়াতে ইসলামী। দলটির দাবি, এ রায় ভ্রান্ত ও ন্যায়ভ্রষ্ট।জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান গতকাল সোমবার এক বিবৃতিতে দলের প্রতিক্রিয়া জানান। বিবৃতিতে দাবি করা হয়, সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য গোলাম আযমকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় বিচারের নামে প্রহসনের আয়োজন করে। রায়ে মন্ত্রী, সাংসদ এবং আওয়ামী লীগসহ ১৪ দলের নেতারা বিভিন্ন সভা-সমাবেশে যে বক্তব্য দিয়েছেন, তার প্রতিফলনই ঘটেছে। প্রসিকিউশন ৬১টি অভিযোগের একটিও প্রমাণ করতে পারেনি।বিবৃতিতে আরও দাবি করা হয়, এ মামলায় দল হিসেবে জামায়াতের বিরুদ্ধে কোনো অভিযোগ উত্থাপন করা হয়নি। রায়ে জামায়াত সম্পর্কে যে বক্তব্য দেওয়া হয়েছে, তা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক, অনভিপ্রেত ও বেআইনি। জামায়াতের বিবৃতিতে বলা হয়, গোলাম আযমের ৫০টি বক্তৃতা-বিবৃতির ওপর ভিত্তি করে অভিযোগ আনা হয়েছে। পত্রিকার খবর ছাড়া রাষ্ট্রপক্ষ অন্য কোনো সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে। ৯০ বছরের সাজা দিয়ে ভুল ও অন্যায় করা হয়েছে। ট্রাইব্যুনালের এ রায় ভ্রান্ত ও ন্যায়ভ্রষ্ট। জামায়াত রায় প্রত্যাখ্যান করে এবং গোলাম আযমের মুক্তির দাবিতে ও সরকারের নির্যাতনের প্রতিবাদে আজ মঙ্গলবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে।গোলাম আযমের স্ত্রীর বিবৃতি: গোলাম আযমের স্ত্রী সৈয়দা আফিফা আযম এক বিবৃতিতে রায় প্রত্যাখ্যান করেন। তিনি জামায়াতের বিবৃতিতে উল্লেখিত কথার বেশির ভাগই পুনরুল্লেখ করেন। তিনি বলেন, ‘এই রায় সম্পূর্ণ ন্যায়ভ্রষ্ট। আমরা এই রায়ে অত্যন্ত ক্ষুব্ধ; কিন্তু বিস্মিত নই। কেননা, সরকারের বেশ কজন মন্ত্রী ও সরকারি জোটের শীর্ষ নেতারা অনেক আগে থেকেই রায় ঘোষণা করে আসছিলেন।’সৈয়দা আফিফা বলেন, ‘অধ্যাপক গোলাম আযম বা আমরা, তাঁর পরিবারের সদস্যরা তাঁর জীবন নিয়ে আদৌ চিন্তিত নই। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, জীবন ও মৃত্যু আদালতের রায় বা সরকারের ইচ্ছার ওপর নির্ভরশীল নয়। ...তাই আল্লাহর কাছেই ফরিয়াদ জানাই এবং আল্লাহর চূড়ান্ত রায়ের জন্য অপেক্ষা করব।’