রায়গঞ্জ ও পবায় ১৫০ কম্বল পেলেন শীতার্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে দেওয়া কম্বল গায়ে জড়িয়ে বসে আছে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার আদিবাসীরা। গতকাল বিকেলে সোনাখাড়া ইউনিয়নের খইচালা শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দিরের প্রাঙ্গণ থেকে তোলা ছবি l প্রথম আলো
প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে দেওয়া কম্বল গায়ে জড়িয়ে বসে আছে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার আদিবাসীরা। গতকাল বিকেলে সোনাখাড়া ইউনিয়নের খইচালা শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দিরের প্রাঙ্গণ থেকে তোলা ছবি l প্রথম আলো

সিরাজগঞ্জের রায়গঞ্জে ক্ষুদ্র জাতিসত্তার লোকজনের মাঝে গতকাল শনিবার এবং রাজশাহীর পবা উপজেলার চরখিদিরপুরে অবস্থিত প্রথম আলো ট্রাস্ট আলোর পাঠশালায় শিক্ষার্থী ও এলাকার শীতার্ত ব্যক্তিদের মধ্যে গত বৃহস্পতিবার কম্বল বিতরণ করা হয়েছে। সিটি ব্যাংক এনএর সহযোগিতায় প্রথম আলো ট্রাস্ট এসব শীতবস্ত্র বিতরণ করে।
রায়গঞ্জে গতকাল বিকেলে ক্ষুদ্র জাতিসত্তা-অধ্যুষিত সোনাখাড়া ইউনিয়নের খইচালা শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে ৫০ জন শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। কম্বল বিতরণ কাজে অংশ নেন ওঁরাও ফাউন্ডেশনের সভাপতি ও রায়গঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আশুতোষ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক ও নিমগাছি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক যোগেন্দ্রনাথ টপ্প্য, সাবেক শিক্ষক অনিল চন্দ্র সরকার, আদিবাসী নেতা অনিদ্রা কুমার ওঁরাও, ভূপেন্দ্রনাথ ওঁরাও, স্থানীয় মেনহাজ উদ্দিন, রায়গঞ্জ বন্ধুসভার সদস্য প্রকাশ চন্দ্র পাল, প্রথম আলোর রায়গঞ্জ প্রতিনিধি সাজেদুল আলম প্রমুখ।
কম্বল হাতে পেয়ে মৃত মতিলাল ওঁরাওয়ের স্ত্রী সুমিত্রা দাস্যা (৭০) বলেন, ‘জারে (শীতে) খুবই কষ্ট হইতেছিল। কম্বলখান পাইয়া অনেক উপকার হইল।’
রাজশাহীর পবা উপজেলার চরখিদিরপুরে প্রথম আলো ট্রাস্ট আলোর পাঠশালায় শুক্রবার বিতরণ করা হয় ১০০ কম্বল। অনুষ্ঠানে বক্তব্য দেন প্রথম আলো ট্রাস্টের কর্মসূচি ব্যবস্থাপক ফেরদৌস ফয়সাল, আলোর পাঠশালার প্রধান শিক্ষক আরিফুল ইসলাম, সহকারী শিক্ষক নাসরিন খাতুন, রাজশাহী বন্ধুসভার বন্ধু মাসুদ রানা ও প্রথম আলোর রাজশাহীর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহম্মদ আজাদ।
বক্তারা বলেন, এই চরে প্রাথমিক শিক্ষার জন্য দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকলেও মাধ্যমিক পর্যায়ের পড়াশোনার জন্য কোনো বিদ্যালয় ছিল না। প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে এই মাধ্যমিক শিক্ষা কার্যক্রম চালু করা হয়েছে। তাঁরা বলেন, এই চর এলাকাটিতে বাল্যবিবাহ বেশি হয়। শিক্ষার্থীদের অল্প বয়সে বিয়ে না দিয়ে বিদ্যালয়ে ধরে রাখতে আলোর পাঠশালার পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হয়। শীতবস্ত্র বিতরণ তারই একটি অংশ।