রায়গঞ্জ থেকে নয় চিকিৎসক বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্র থেকে নয়জন চিকিৎসককে বদলি করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বছরের জুলাই মাসে অ্যাডহক ভিত্তিতে নিয়োগ পাওয়া নয়জনসহ ১৪ জন চিকিৎসককে গত বছরের বিভিন্ন সময়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রে নিয়োগ দেওয়া হয়। কিন্তু চাকরিবিধির শর্ত লঙ্ঘন করে এবং প্রধানমন্ত্রীর নির্দেশের পরও এসব চিকিৎসক নিয়োগকৃত স্থানে থাকতেন না বলে অভিযোগ ছিল।সিরাজগঞ্জ সিভিল সার্জন বিভিন্ন সময়ে তদন্ত করে এর সত্যতাও পান। এসব চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়। কিন্তু তাঁরা ঠিকমতো দায়িত্ব পালন না করে তদবির করে অন্য জায়গায় গত কয়েক দিনে বদলি হয়ে গেছেন বলে জানা যায়। এর কারণে বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রে কর্মরত আছেন মাত্র পাঁচজন চিকিৎসক। এর মধ্যে চান্দাইকোনা ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের মাহবুবুল আলম ও ব্রহ্মগাছা ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রের রাজিবুল ইসলাম সিদ্দিকী প্রেষণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আছেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শচীন্দ্রনাথ বসাক পদোন্নতি পেয়ে চলে যাওয়ার পর ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তার দায়িত্বে আছেন আবদুল জলিল। এ ছাড়া আবাসিক চিকিৎসকের পদটিতেও ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন আমিমুল ইসলাম।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি সূত্র জানায়, উপজেলায় কোনো বেসরকারি ক্লিনিক না থাকায় এবং প্রাইভেট প্র্যাক্টিসের পর্যাপ্ত সুবিধা না থাকায় এখানে নিয়োগ পাওয়া চিকিৎসকেরা থাকতে চান না।সিরাজগঞ্জ জেলার সিভিল সার্জন আবদুর রাজ্জাক বলেন, ‘ডিজি অফিস থেকে কোনো ডাক্তার বদলির আদেশ নিয়ে এলে আমাদের ছাড়পত্র দেওয়া ছাড়া উপায় থাকে না।’