প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে এবং বন্ধুসভার সহযোগিতায় গতকাল শুক্রবার পাবনার ঈশ্বরদীতে দুস্থ ব্যক্তিদের মধ্যে এবং সিরাজগঞ্জের রায়গঞ্জেও আদিবাসী ছাত্রদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
গতকাল বেলা দুইটার দিকে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের ধলজান পশ্চিম আদিবাসী প্রাক-প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে
সোনাকান্দর, ধলজান উত্তর ও ধলজান পশ্চিম প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের ৮০ জন আদিবাসী ছাত্রের মধ্যে সোয়েটার বিতরণ করা হয়।
বিতরণকালে ওরাঁও ফাউন্ডেশনের সভাপতি আশুতোষ কুমার ওরাঁও, সাধারণ সম্পাদক যোগেন্দ্রনাথ ওরাঁও, রায়গঞ্জ বন্ধুসভার সভাপতি রাকিবুল হাসান, সাধারণ সম্পাদক আবু রায়হান, প্রথম আলোর রায়গঞ্জ প্রতিনিধি সাজেদুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
সোয়েটার হাতে পেয়ে ধলজান গ্রামের সুমনা তিরকি বলে, শীতে এই কাপড় পেয়ে খুব ভালো হলো। স্কুলে যাওয়ার সময় এখন আর শীত লাগবে না।
গতকাল সকালে ঈশ্বরদীতে দুস্থ শীতার্তদের মধ্যে ১০০টি কম্বল বিতরণ করা হয়। শহরের ডাকবাংলো মাঠে আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঈশ্বরদীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানোয়ার হোসেন, অধ্যক্ষ আয়নুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দীন আহমেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ, বন্ধুসভার সভাপতি শহিদুল ইসলাম,প্রথম আলোর প্রতিনিধি মাহাবুবুল হক প্রমুখ।
প্রথম আলোর কম্বল পেয়ে ঈশ্বরদী দড়িনারিচা গ্রামের সুখজান বেগম বলেন, ‘শীতে মরি যাচ্ছিলুম, তোমারে কুম্বুল পায়ই আমারে জান বাঁচলি।’
বন্ধুসভার সদস্যরা কয়েক দিন ধরে ঈশ্বরদীর বিভিন্ন এলাকা ঘুরে শীতার্তদের তালিকা তৈরি করেন। গতকাল ওই শীতার্তদের
ডাকবাংলো মাঠে একত্র করে তাঁদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।