রায়গঞ্জে আশ্রয়ণ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন একটি আশ্রয়ণ প্রকল্পের মাটি ভরাটের কাজে নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।এ ব্যাপারে স্থানীয় লোকজন প্রথমে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পরে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কাছে দুটি অভিযোগ দাখিল করেন।অভিযোগপত্র ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার রায়গঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ধানগড়া প্রামাণিকপাড়ায় ২০০৯ সালে একটি আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয়। এর আগে দুই দফায় প্রকল্পটি অনুমোদন পায়নি। ২০১১ সালের জুনের মধ্যে প্রকল্পের মাটি ভরাটের জন্য ১২৭ মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়। সাত সদস্যের প্রকল্প কমিটির সভাপতি ও সদস্যসচিব হিসেবে দায়িত্ব পান যথাক্রমে রায়গঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উজ্জ্বল মাহমুদ প্রামাণিক ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুয়েল মাহমুদ।কমিটির কর্মকর্তারা নিয়ম ভেঙে শ্রমিক দিয়ে কাজ না করিয়ে প্রকল্প এলাকার পাশের ফুলজোড় নদী থেকে দুটি ড্রেজার মেশিন দিয়ে বালু তুলে মাটি ভরাটের কাজ করেছেন। এতে নদীর তীরবর্তী পাঁচ-ছয়টি গ্রাম ভাঙনের কবলে পড়েছে। প্রকল্পের নির্ধারিত ২ দশমিক ৬৪ একর জমির মধ্যে ১ দশমিক ৩৩ একর বালু ফেলে ভরাট করা হয়েছে। প্রকল্পের ১২৭ মেট্রিক টন গমের বেশির ভাগ কালোবাজারে বিক্রি করে অর্থ আত্মসাৎ করা হয়েছে। সর্বোপরি প্রকল্প এলাকার ২২৫টি ইউক্যালিপটাস গাছ নিয়মনীতি উপেক্ষা করে কেটে তিন লাখ ৫০ হাজার টাকায় বিক্রি করা হয়। এই টাকা সরকারি তহবিলে জমা না দিয়ে কমিটির লোকজন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সহায়তায় ভাগবাটোয়ারা করে নিয়েছেন।উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হানিফ উদ্দিন সরকার বলেন, ‘পৌর এলাকায় আশ্রয়ণ প্রকল্প করার বিধান না থাকলেও কীভাবে এটি বাস্তবায়ন করা হচ্ছে তা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে আমরা গত ২৬ আগস্ট প্রধানমন্ত্রী বরাবর দরখাস্ত দিয়েছি।’প্রকল্প সভাপতি উজ্জ্বল মাহমুদ প্রামাণিক বলেন, ‘আমরা নিয়ম অনুযায়ী কাজ শেষ করেছি। তবে কর্তৃপক্ষ এখনো কাজটি বুঝে নেয়নি। ।’রায়গঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী বলেন, অনিয়মের অভিযোগ ঠিক নয়। ডিসিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা কাজ দেখে সন্তোষ প্রকাশ করেছেন।রায়গঞ্জ ইউএনও মো. রবিউল ইসলাম বলেন, ‘প্রকল্পটি নিয়ে নানা কথা শুনেছি। আমি নিজেই বিষয়টি জানতে দু-এক দিনের মধ্যে দেখতে যাব।’