রায়গঞ্জে কসাইখানা নেই যত্রতত্র চলছে পশু জবাই
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার হাটবাজারগুলোতে কসাইখানা না থাকায় যেখানে সেখানে পশু জবাই করা হচ্ছে। এতে জবাই করা পশুর আবর্জনা, রক্ত ও মলমূত্রের দুর্গন্ধে রাস্তা দিয়ে সাধারণ মানুষের পক্ষে চলাচল করা মুশকিল হয়ে পড়েছে। এলাকাবাসী জানান, ধানগড়া পুরাতন চৌরাস্তা থেকে উপজেলা পরিষদ সড়কের ফাজিল মাদ্রাসাসংলগ্ন এলাকায় প্রতিদিন ১০-১২টি গরু জবাই করা হয়। শনি ও মঙ্গলবার জবাই করা হয় আরও বেশি। এসব জবাই করা গরুর রক্ত, মলমূত্রসহ নানা পরিত্যক্ত বর্জ্যে ওই এলাকা দিয়ে চলাফেরা করাই কঠিন হয়ে পড়েছে। পথচারীরা কোনোমতে নাক-মুখ ঢেকে পথটুকু পার হয়। এ রাস্তা দিয়ে ধানগড়া ফাজিল মাদ্রাসা, ধানগড়া উচ্চবিদ্যালয়, ধানগড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইউনিভার্স একাডেমি, উপজেলা সদর বালিকা উচ্চবিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের যেসব শিক্ষার্থী ও অভিভাবকেরা বাধ্য হয়ে চলাচল করেন, তাঁদের ভোগান্তিতে পড়তে হয় সবচেয়ে বেশি।মাংস ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বলেন, ‘গরু জবাই করার জন্য আমাদের কোনো নির্দিষ্ট স্থান না থাকায় নিরুপায় হয়ে রাস্তার পাশে এ কাজ করতে হয়। হাটে নিয়মিত টোল দিই আমরা। কিন্তু তারপরও কর্তৃপক্ষ আমাদের এসব সমস্যার দিকে নজর দেয় না।’পৌর মেয়র মোশারফ হোসেন আকন্দ বলেন, ২০০৫-২০০৬ অর্থবছরে পৌরসভার তত্ত্বাবধানে ধানগড়া বাজারে একটি কসাইখানা নির্মাণ করা হয়েছিল। কিন্তু নানা কারণে তা আজও চালু করা যায়নি। খোলা রাস্তায় পশু জবাই না করে এ কাজের জন্য বিকল্প স্থান নির্ধারণের চেষ্টা চলছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, গত উপজেলা সমন্বয় সভায় মেয়রকে সড়কের পাশে খোলা জায়গায় পশু জবাই বন্ধে পদক্ষেপ নিতে বলা হয়েছে। এখনো বন্ধ না হয়ে থাকলে এর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।