রায়গঞ্জে ঘরে ঘরে জ্বর-সর্দির প্রকোপ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘরে ঘরে জ্বর-সর্দির প্রকোপ দেখা দিয়েছে। গত কয়েক দিন ধরে উপজেলাজুড়ে প্রচণ্ড দাবদাহ চলছে। গরমের কারণে ঘরে-বাইরে টেকা দায়। গরমে আর ঘামে একাকার হয়ে সর্দি-জ্বরে আক্রান্ত হচ্ছে মানুষ।
শিশুসহ সব বয়সের মানুষই এ রোগে ভুগছে। জ্বর-সর্দির সঙ্গে রয়েছে প্রচণ্ড মাথাব্যথা। অনেকে সারা শরীরে ব্যথা হওয়ার কথা জানিয়েছেন৷
গতকাল বুধবার রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, বহির্বিভাগে আগত প্রায় ২০০ রোগীর বেশির ভাগই জ্বর-সর্দি আর মাথাব্যথায় আক্রান্ত। ধানগড়া এলাকার সাবিনা খাতুন জানান, গত দুই-তিন দিন ধরে তিনি জ্বর-সর্দিতে ভুগছেন। জ্বর কমছেই না৷ তাই উপায়ন্তর না পেয়ে আজ স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছেন।
লাহোর গ্রামের আব্বাস আলী বলেন, ‘এবারের জ্বরে একেবারে কাহিল হয়ে পড়েছি। সারা শরীরে ব্যথা৷ মনে হয়, কেউ হাতুড়ি দিয়ে পিটিয়েছে। এ অবস্থায় আজ চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছি৷’
রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, বর্তমানে যেসব রোগী হাসপাতালে আসে তার বেশির ভাগই জ্বর-সর্দিতে আক্রান্ত। এ ছাড়া কমিউনিটি ক্লিনিকে আসা রোগীদেরও বেশির ভাগই জ্বর-সর্দির৷