রায়গঞ্জে চলছে নোট গাইড কেনাবেচা
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় প্রাথমিক ও নিম্নমাধ্যমিক পর্যায়ে নোট-গাইড বইয়ের ব্যবসা চলছে। নিষিদ্ধ হলেও প্রশাসনের নাকের ডগায় এই বইয়ের ব্যবসা চালিয়ে যাচ্ছেন অসাধু ব্যবসায়ীরা।উপজেলার ধানগড়া, চান্দাইকোনা, সলঙ্গা, নিমগাছী, পাঙ্গাসী, ভূঁইয়াগাতী, ঘুড়কাসহ বিভিন্ন বাজারে বইয়ের দোকানগুলোতে খোঁজ নিয়ে জানা যায়, বিভিন্ন পুস্তক প্রকাশনা কোম্পানির নোট-গাইড বইয়ে বাজার ভরে গেছে। সরকার সব শিশুকে বিদ্যালয়মুখী করার জন্য নানা পদক্ষেপ নেওয়ার পাশাপাশি প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত সব শিক্ষার্থীর মাঝে বছরের শুরুতে বিনা মূল্যে পাঠ্যবই সরবরাহ করেছে। কিন্তু ব্যবসায়ী চক্রের অপতৎপরতায় অভিভাবকদের মোটা অঙ্কের টাকা খরচ করে আবারও নোট-গাইড বই কিনতে হচ্ছে। ব্যবসায়ীদের এ কাজে সহায়তা করছেন একশ্রেণীর শিক্ষক ও পুস্তক ব্যবসায়ী।উপজেলার বিভিন্ন প্রাথমিক ও কিন্ডারগার্টেনে গিয়ে জানা যায়, স্থানীয় পুস্তক ব্যবসায়ীদের নির্দেশনায় নোট-গাইড প্রকাশক বিভিন্ন কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা শ্রেণীকক্ষে ঢুকে ছাত্রছাত্রীদের মাঝে রুটিন ও ক্যালেন্ডার বিতরণের নামে তাঁদের প্রকাশিত নোট-গাইড কেনার জন্য উদ্বুদ্ধ করছেন। এমনকি কয়েকটি কিন্ডারগার্টেন স্কুলের পাঠ্যতালিকায় শ্রেণীভিত্তিক নোট-গাইড বই কেনার জন্য সংযোজন করা হয়েছে। দ্বিতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর এসব নোট-গাইডের দাম ৪২০ থেকে ৪৮০ টাকা লেখা থাকলেও বিক্রি হচ্ছে ২৪০ থেকে ২৮০ টাকায়।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জানান, প্রধান শিক্ষকের অনুমতি সাপেক্ষে বিভিন্ন প্রকাশনীর লোকজন শ্রেণীকক্ষে ঢুকে তাদের নোট-গাইডের ব্যাপারে ছাত্রছাত্রীদের জানিয়ে যায়। এ ক্ষেত্রে আমাদের কিছু করার থাকে না।পাঠ্যতালিকায় নোট-গাইডের নাম থাকার বিষয়ে ধানগড়ার শিশুমেলা বিদ্যানিকেতনের অধ্যক্ষ হাসিনুল ইসলাম বলেন, ‘স্থানীয় লাইব্রেরিগুলো অতি উৎসাহী হয়ে আমাদের অনুমতি ছাড়াই পাঠ্যতালিকায় নোট-গাইডের নাম অন্তর্ভুক্ত করে দেয়।’ উপজেলার কয়েকটি লাইব্রেরির স্বত্বাধিকারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ব্যবসা করতে গেলে অনেক কিছু করতে হয়। অনেকের কথাও সহ্য করতে হয়। কোনো বিদ্যালয়ের অনুমতি ছাড়া পাঠ্যতালিকায় নোট-গাইডের নাম লেখা সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেন।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আপেল মাহমুদ বলেন, নোট-গাইডের বিষয়ে ছাত্রছাত্রীদের নিরুৎসাহিত করতে শিক্ষকদের গত মাসিক সভায় বলা হয়েছে। তার পরও সুনির্দিষ্ট অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম বলেন, নিষিদ্ধ ও অবৈধ নোট-গাইড ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।