রায়গঞ্জে ছয় দিনে ছয়জনের অস্বাভাবিক মৃত্যু
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ছয় দিনে ছয়জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গত শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এসব ঘটনা ঘটেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের রুদ্রপুর গ্রামের আবদুল মজিদের স্ত্রী দুই সন্তানের জননী মর্জিনা বেগম (২৮) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। বুধবার উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের কয়ড়া গ্রামের আলী হোসেনের স্ত্রী সুফিয়া বেগম একইভাবে আত্মহত্যা করেন। পুলিশ দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
সোমবার অষ্টমীস্নানের মেলায় এসে বাসের চাপায় মারা গেছেন সোনাখাড়া ইউনিয়নের বুধন চন্দ্র মাহাতো (৭০)। আবেদনের পরিপ্রেক্ষিতে পুলিশ লাশ সৎকারের জন্য পরিবারের কাছে হস্তান্তর করে।
এর আগে রোববার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চান্দাইকোনা ইউনিয়নের কোদলা গ্রামের আবদুল জলিল (৫০) ও পাঙ্গাসী ইউনিয়নের বেংনাই গ্রামের রসুল (৩০) মারা যান।
শনিবার উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের চাঁদপুর গ্রামের দিনমজুর আইয়ুব আলীর (৫০) লাশ বাড়ির পাশের রাস্তা থেকে উদ্ধার করে পুলিশ।
রায়গঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ফরিদ উদ্দিন ভুঁইয়া ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী করণীয় ঠিক করা হবে। তবে দুই গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর বিষয়ে পরিবারের পক্ষ থেকে বলা হয়, দাম্পত্য জীবনে অশান্তির কারণে তাঁরা এমন পথ বেছে নেন।