রায়গঞ্জে দুই সাবেক সাংসদপুত্রের ভোটযুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইমতিয়াজ মাহমুদ, রাইসুল হাসান
ইমতিয়াজ মাহমুদ, রাইসুল হাসান

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সাবেক দুই সাংসদের দুই ছেলে এবার ভোটযুদ্ধে নেমেছেন। তাঁদের কারণে উপজেলাবাসীর নজর এখন এ ইউনিয়নের দিকে। ২২ মার্চ প্রথম ধাপে এ ইউনিয়নে ভোট নেওয়া হবে।
১২ জন স্থানীয় বাসিন্দা বলেন, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সাংসদ প্রয়াত ইসহাক হোসেন তালুকদারের বড় ছেলে রাইসুল হাসান তালুকদার আওয়ামী লীগের প্রার্থী হিসেবে এ ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁর বিরুদ্ধে বিএনপির প্রার্থী হয়ে ভোটযুদ্ধে নেমেছেন আরেক সাবেক সাংসদ প্রয়াত জামশেদ আলীর বড় ছেলে ইমতিয়াজ মাহমুদ। ইউনিয়নের বাঁকাই গ্রামের এ দুই প্রার্থী পরস্পর আত্মীয়ও।
ইউনিয়নের পাঁচটি গ্রামের ১০ জন প্রবীণ ও দলীয় কর্মীরা বলেন, ধামাইনগর ইউনিয়নের চেয়ারম্যান থাকাকালে জামশেদ আলী ১৯৭৯ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে সাংসদ নির্বাচিত হন। একইভাবে ১৯৮৬ সালে চেয়ারম্যান থাকা অবস্থায় ইসহাক হোসেন তালুকদার আওয়ামী লীগের সাংসদ নির্বাচিত হন। পরে ২০০৮ ও ২০১৪ সালের নির্বাচনেও তিনি সাংসদ নির্বাচিত হন। তাঁদের উত্তরসূরিদের এ ভোটযুদ্ধ নিয়ে এলাকার সবাই বেশ আগ্রহী।
রাইসুল হাসান বলেন, ‘আমরা দুজনই মাঠে আছি। তবে জনগণ যাঁকে ভোট দেবেন, তিনিই চেয়ারম্যান হবেন।’
ইমতিয়াজ মাহমুদ বলেন, ভোটের ফলাফল তিনি মেনে নেবেন।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মণ্ডল বলেন, দুই সাবেক সাংসদপুত্র এবার চেয়ারম্যান পদে ভোটযুদ্ধে নামায় ইউনিয়নজুড়ে অন্য রকম আবহ তৈরি হয়েছে। ইউনিয়নবাসী কাকে বরণ করে নেবেন, এখন এটা দেখার বিষয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা উজ্জ্বল কুমার রায় বলেন, এ ইউনিয়নে ভোটার ১৪ হাজার ২৩৮ জন। দুই সাবেক সাংসদপুত্রের সঙ্গে নির্বাচনী মাঠে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোখলেছার রহমান ও স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) গোলাম রব্বানী খান।
ইউএনও ইকবাল আখতার বলেন, নির্বাচন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে।