রায়গঞ্জে দুটি বাসের সংঘর্ষে নিহত ২
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার বড়গোজা সেতুর কাছে গতকাল মঙ্গলবার দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে একটি বাসের সুপারভাইজারসহ দুজন নিহত ও কমপক্ষে ২০ যাত্রী আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন: এসবি ডিলাক্স পরিবহনের সুপারভাইজার দীপু মিয়া (৩০) ও তাঁর সহকারী সুজন মিয়া (২৫)। তাঁদের বাড়ি কুষ্টিয়ায়। আহতদের মধ্যে মেহেরপুরের গাংনী উপজেলার জালাল উদ্দিনের ছেলে রানা খান (১৯) ও সোহাগ আলীর স্ত্রী আশুরা বেগমকে (২৮) আশঙ্কাজনক অবস্থায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাটিকুমরুল মহাসড়ক থানার ওসি ফরিদ আহমদ জানান, গতকাল বেলা ১১টার দিকে বড়গোজা সেতুর কাছে মেহেরপুর থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে কুষ্টিয়াগামী এসবি ডিলাক্স পরিবহনের মুখোমুখি সংঘর্ষে পতিত হয়। দুটি কোচের সন্মুখ অংশ দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় ২২ জন আহত হয়। আহত ব্যক্তিদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে আনার পথে এসবি ডিলাক্স কোচের সুপাইরভাইজার দীপু মিয়া ও সহকারী সুজন মিয়া নিহত হন। তাঁদের বাড়ি কুষ্টিয়া জেলায় বলে জানা গেছে। এ ছাড়া গুরুতর আহত অবস্থায় তিনজনকে বগুড়া ও সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।