রায়গঞ্জে নদীতে জাল পেতে পোনা নিধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ফুলজোড় ও ইছামতী নদীতে বিভিন্ন ধরনের জাল দিয়ে মাছ ধরা হচ্ছে। এসব জালে নানা জাতের পোনামাছ ধরা পড়ছে। এতে মাছের বংশবৃদ্ধি ব্যাহত হওয়ার আশঙ্কা করেছেন স্থানীয় মৎস্যজীবীরা।উপজেলার ধানগড়া, ভূঁইয়াগাতী, ব্রহ্মগাছা, সিমলা, ঘুড়কাসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ফুলজোড় ও ইছামতী নদীতে সুতিজাল, বেড় জালসহ বিভিন্ন জাল দিয়ে এবং খরা পেতে মাছ ধরা হচ্ছে। এসব জাল এতই সূক্ষ্ম যে পোনামাছও বেরিয়ে যেতে পারে না। এসব জালে বাইম, কালবাউশ, পাবদা, গচি, চেলা, আইড়, ফলি, ভাগনা, চিতলসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে।বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত নয় ইঞ্চির চেয়ে ছোট রুই, কাতল, মৃগেল, কালবাউশ ও ঘনিয়া এবং ৩০ সেন্টিমিটারের চেয়ে ছোট বোয়াল ও আইড় মাছ ধরা বা বিক্রি দণ্ডনীয় অপরাধ। এ বিধি লঙ্ঘন করলে মৎস্য সংরক্ষণ আইনে এক থেকে দুই বছরের কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।ভূঁইয়াগাতী এলাকার আবদুস সালাম জানান, অবাধে দেশীয় পোনামাছ নিধন করা হচ্ছে। বিশেষ করে বোয়াল মাছের পোনা এ বছর ব্যাপক হারে ধরা পড়ছে। পোনা বড় হওয়ার সুযোগ না দিয়ে একশ্রেণীর মৎস্যজীবী অবাধে এগুলো ধরে বাজারে বিক্রি করছেন।উপজেলার ধানগড়া, চান্দাইকোনা, নিমগাছী, সলঙ্গাসহ বিভিন্ন বাজারে এখন নানা প্রজাতির পোনামাছ প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে।উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফ হোসেন জানান, শুধু আইন প্রয়োগ করে পোনামাছ নিধন বন্ধ করা সম্ভব নয়। সামাজিক সচেতনতা, বিশেষ করে ক্রেতারা যদি সচেতন হন এবং পোনা নিধনকারীদের আইনের হাতে সোপর্দ করা যায়, তবে অবস্থার উন্নতি ঘটবে।রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম বলেন, ‘পোনা নিধনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সে লক্ষ্যে অচিরেই ভ্রাম্যমাণ আদালতের কাজ শুরু করা হবে।’