রায়গঞ্জে নদীতে বাঁশের বেড়া দিয়ে মাছ ও পোনা নিধন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ফুলজোড় ও ইছামতী নদীতে বাঁশের বেড়া দিয়ে বড় মাছ ও জাল দিয়ে অবাধে দেশীয় পোনা ধরা হচ্ছে। এতে মাছের বংশ বৃদ্ধি ব্যাহত হচ্ছে। একই কারণে দেশীয় প্রজাতির অনেক মাছ বিলুপ্ত হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।সরেজমিনে দেখা গেছে, উপজেলার পৌর এলাকার ধানগড়া, ধানগড়া ইউনিয়নের ঝাপড়া, রায়গঞ্জ, চান্দাইকোনা ইউনিয়নের সিমলা, ঘুড়কা ইউনিয়নের ভূইয়াগাঁতী ও ব্রহ্মগাছা ইউনিয়নের ব্রহ্মগাছা এলাকায় নদীতে বাঁশের বেড়া দিয়ে বড় মাছ এবং এক ধরনের সূক্ষ্ম জাল দিয়ে পোনা মাছ ধরা হচ্ছে। নলছিয়া গ্রামের জেলে জামাল হোসেন বলেন, কিছুদিন ধরে ফুলজোড় ও ইছামতী নদীতে বিশেষ ধরনের জাল দিয়ে অবাধে দেশীয় মাছের পোনা ধরা হচ্ছে। পোনা না ধরে বড় হওয়ার সুযোগ দিলে সবার জন্য ভালো হতো। আগের মতো নদীতে এখন আর দেশীয় প্রজাতির মাছ পাওয়া যায় না। কারেন্ট জালসহ বিভিন্ন ধরনের জাল ও নদীতে বেড়া দিয়ে পোনা নিধন করায় দেশীয় প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে। জেলে আবদুল মান্নান বলেন, ‘আমাদেরই কেউ কেউ বিভিন্ন উপায়ে পোনা নিধন করায় মাছের বংশবৃদ্ধি ব্যাহত হচ্ছে। এ কারণে আগের মতো আর মাছ পাওয়া যায় না। ফলে আমাদেরও বছরের একটা বড় সময় বেকার বসে থাকতে হয়। মহেশপুর এলাকার ফজল হোসেন, ধানগড়া এলাকার আকবর হোসেন, গোলজার হোসেন, হাতেম আলীসহ কয়েকজন এভাবে মাছ ধরছেন।’গোলজার হোসেন জানান, নদীতে বাঁশের বেড়া দিয়ে মাছ ধরা যায় না—এমন আইনের কথা তিনি কখনো শোনেননি। অনেক আগ থেকেই তিনি এভাবে মাছ ধরছেন। পোনা মাছ ধরার বিষয়ে তিনি বলেন, অনেক সময় জালে বড় মাছের সঙ্গে পোনা মাছ উঠে আসে। পরে সেগুলো আর ছেড়ে দেওয়া সম্ভব হয় না। রায়গঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা খালেকুজ্জামান সরকার বলেন, ১৯৫০ সালের মৎস্য আইন অনুযায়ী নদীতে বাঁশের বেড়া দিয়ে মাছ ধরা নিষিদ্ধ। তার পরও এ নিয়ম লঙ্ঘন করে অনেকেই মাছ ধরছেন। এভাবে মাছ ধরা বন্ধ করার জন্য ইতিমধ্যে সংশ্লিষ্টদের চিঠি দেওয়া হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, নদী থেকে মাছ ধরার বেড়া অপসারণ ও পোনা নিধন বন্ধে শিগগিরই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।